কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। বৃহস্পতিবার সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছেন।
তামিম ইকবাল সাংবাদিকদের বলেছেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ঐ আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন, তাহলে একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গেছে।'
তামিমের মতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা চূড়ান্ত না হওয়ার আগে প্রকাশ্যে না বলাই ভালো, ‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথম যা বলেছিলেন সেটার উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয় আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পর জানান।’
বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেছেন , ‘যখন আমরা গিয়েছি (ভারত) তখন তো এরকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ ছিল না। আমি শুধু একা না আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম, যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও বলবো পৃথিবীতে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, ঐভাবে যদি সমাধান হয় সবচেয়ে ভালো।’








