টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়া নিয়ে অনড় বাংলাদেশ। এমন আলোচনা যখন চলমান, তখন ভারতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিসির চুক্তিভুক্ত শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম ওয়ানডেতে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। ওই ম্যাচেই টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান ক্রিকবাজকে জানিয়েছেন, আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার হওয়ায় সৈকতের ক্ষেত্রে বিসিবির কাছ থেকে কোনও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি নেওয়ার প্রয়োজন নেই। তার চুক্তি অনুযায়ী আইসিসি যখনই দায়িত্ব দেবে, তখনই তিনি বিসিবি থেকে স্বয়ংক্রিয়ভাবে ছুটিতে থাকবেন।
চলমান বিপিএল টি–টোয়েন্টি টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ পরিচালনা করা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত বর্তমানে বিসিবির আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইফতেখার রহমান আরও জানান, ‘সে (সৈকত) আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। আমরা এটা পরিষ্কার করে বলছি, সে বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত নয়।’
বারোদায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা ম্যাচে নিউজিল্যান্ড শুরুতে টস হেরে ৮ উইকেটে সংগ্রহ করে ৩০০ রান। ইনিংসের ভিত গড়েন তিনজন। দুই ওপেনার ডেভন কনওয়ে ৫৬ ও হেনরি নিকোলস খেলেন ৬২ রানের ইনিংস। তার পর ৮৪ রানে ইনিংসটাকে একটা পর্যায়ে নেওয়ার মূল দায়িত্বটা পালন করেছেন ড্যারিল মিচেল। জবাবে বিরাট কোহলির ৯৩ রানের ইনিংসে ভর করে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ভারত। কোহলির সঙ্গে ৫৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক শুবমান গিল। তাছাড়া শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকেও আসে ৪৯ রান।








