টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছে আফগানিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই তারা ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে। সর্বশেষ দ্বিতীয় ম্যাচে জিতেছে ৩৯ রানে।
মূলত দারউইশ রাসুলির টানা তৃতীয় ফিফটি, সেদিকুল্লাহ অটলের হাফসেঞ্চুরি আর মুজিব উর রহমানের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিকে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিয়েছে তারা।
১৯০ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে কার্যত শেষ করে দেন মুজিব। দুটি পৃথক ওভার মিলিয়ে টানা পাঁচ বলের মধ্যে চার উইকেট নেন এই অফস্পিনার। তার ঘূর্ণিতে দ্রুতই ধস নামে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনে। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
মুজিবের ৪ উইকেটের আগে ব্যাট হাতে আফগানিস্তানের ৪ উইকেটে করা ১৮৯ রানের ভিত গড়ে দেন রাসুলি ও অটল। তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন তারা। রাসুলি ৩৯ বলে খেলেছেন ৬৮ রানের ইনিংস। তাতে ছিল ৫টি চার ও ৩টি ছয়। ২টি চার ও ৩ ছক্কায় অটল ৪২ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। স্পিন সহায়ক উইকেটে শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইও উপহার দেন ১৩ বলে ২৬ রানের অপরাজিত ক্যামিও একটি ইনিংস। তাতে ছিল ১টি চার ও ২টি ছয়।
এই জয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব দেখালো আফগানিস্তান। বৃহস্পতিবার আবার মুখোমুখি হবে দুই দল।









