টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। উদ্বোধনী দিনেই তাদের কাঁপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। ব্যাটিং বিপর্যয়ে পড়া সেই দলকে পরে উদ্ধার করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করেই লড়াকু পুঁজি পেয়েছে স্বাগতিক দল। তার পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২৯ রানের জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল।
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ভারতীয় দল। শ্যাডলি ভ্যান শাল্কউইকের তোপে শুরুতেই চাপে পড়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। ষষ্ঠ ওভারে ভ্যান শাল্কউইক তিন উইকেট তুলে নিলে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। ৭৭ রানে হার্দিক পান্ডিয়াও ষষ্ঠ উইকেট হিসেবে ফিরলে চাপ বাড়ে আরও। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস গুছিয়ে নেন সূর্যকুমার। লেজের দিকের ব্যাটসম্যানদের সঙ্গে জুটি গড়ে শেষ ছয় ওভারে ৭৫ রান তুলতে অবদান রাখেন তিনি। ভারত ৯ উইকেটে তুলে ১৬১ রান। এসময় ৪৯ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে ১৭ রানে একবার জীবনও পেয়েছেন ভারতের অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের হয়ে ভ্যান শাল্কউইক ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট।
তার পর জয়ের লক্ষ্যে নামা যুক্তরাষ্ট্রকে শুরুতেই কাঁপিয়ে দেন মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং। ১৩ রানে হারায় ৩ উইকেট। যে ধাক্কায় আর দিশা খুঁজে পায়নি তারা। তার পর মিলিন্দ কুমার (৩৪), সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭) ও শুবম রাঞ্জানে (৩৭) লড়াই করলেও সেটা যথেষ্ট ছিল না। ৮ উইকেটে তারা থামে ১৩২ রানে।
২৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সিরাজ। ১৮ রানে দুটি নেন আরশদীপ সিং। ২৪ রানে অক্ষর প্যাটেলও নেন দুটি।









