টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি পথে ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক পল স্টার্লিং। কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানে হেরে যাওয়া ম্যাচটিতে হাঁটুর লিগামেন্টে চোট পান তিনি।
ম্যাচের দিন জশ ইংলিসের ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে আঘাত পান স্টার্লিং। পরে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনিংয়ে নামলেও মাত্র এক বল খেলে খুঁড়িয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটার। পরে আর ব্যাটই করতে পারেননি।
স্টার্লিংয়ের পরিবর্তে দলে ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার স্যাম টপিংকে নেওয়া হয়েছে। তার এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।
চলতি আসরে দুই ম্যাচেই হেরেছে আয়ারল্যান্ড। শনিবার কলম্বোতে ওমানের বিপক্ষে মাঠে নামবে দলটি।








