২০২৪ সালে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের সময় বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। তার পর থেকে বোর্ড প্রধানের পদটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। তিনজন ভিন্ন সভাপতি বদলেছে এই সময়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সেই প্রসঙ্গ স্থান পেলো সংবাদ সম্মেলনে। সেখানে জানিয়েছেন, মাঠের বাইরের অস্থিরতা তার কিংবা খেলোয়াড়দের ওপর কোনও প্রভাব ফেলেনি।
৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ অনিয়মের অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে। এখন অ্যাড-হক কমিটির অধীনে এর দায়িত্ব সামলাচ্ছেন তামিম ইকবাল। সাম্প্রতিক এই পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘প্রথমত হচ্ছে এতে আমাদের কাজ বা অনুশীলনে কোনো প্রভাব পড়েনি। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, ঠিক সেভাবেই ক্যাম্প হয়েছে।’
খেলোয়াড়দের ওপর কোনো মানসিক প্রভাব পড়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, ‘এটা খেলোয়াড়দের কাছেই জানতে হবে। তবে আমার চোখে কোনো প্রভাব দেখিনি। তারা সব কাজ করেছে, আগের মতোই কঠোর পরিশ্রম করেছে, অনেক ক্ষেত্রে আরও বেশি করেছে। সিরিজের প্রস্তুতিও ঠিকভাবেই চলছে।’
নেতৃত্বে হঠাৎ পরিবর্তন তাকে অবাক করেছে কি না—এমন প্রশ্নেও সিমন্সের জবাবটা ছিল, ‘এখন আর কিছুতেই অবাক হই না। এটা শুধু বাংলাদেশের বিষয় নয়, জীবনেরই অংশ। প্রতিদিনই অনেক কিছু ঘটে, তাই এসব আমাকে আর অবাক করে না।’
তিনি আরও যোগ করে বলেন, ‘এখন তৃতীয় বোর্ড প্রধান দায়িত্বে, কিন্তু এতে আমার কাজে কোনো পরিবর্তন আসেনি। দলকে প্রস্তুত করা বা কোচিং স্টাফ হিসেবে আমাদের কাজের ধরণে কোনো প্রভাব পড়েনি। আমরা যেভাবে কাজ করছিলাম, সেভাবেই চালিয়ে যাচ্ছি। আমরা যা গড়ে তুলতে চেয়েছি, সেটির দিকেই এগোচ্ছি। এখন পর্যন্ত কেউ এসে সেটি বদলানোর চেষ্টা করেননি।’








