বিশ্ব ক্রিকেটে ভারতের সঙ্গে জাপানের দূরত্বটা অনেক। একদিকে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজেদের জায়গা তৈরি করে চলা জাপান। সেই দুই দলেরই এবার হতে যাচ্ছে ঐতিহাসিক সাক্ষাৎ। চলতি মাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে তারা।
আগামী ২২ সেপ্টেম্বর তোচিগির সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি।
এই ম্যাচের মধ্য দিয়ে ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। ‘সুজুকি কাপ’ নামে আয়োজিত একমাত্র এই টি-টোয়েন্টি ম্যাচটি জাপানের ক্রিকেট ইতিহাসেও বিশেষ হয়ে থাকবে। কারণ পুরুষদের ক্রিকেটে প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনও দেশের জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে জাপান।
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেছেন, ‘জাপানের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানাতে পারা আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’
১৯৮৯ সালে আইসিসির অ্যাফিলিয়েট সদস্য হিসেবে যাত্রা শুরু করে জাপান। এরপর ২০০৫ সালে তারা পায় সহযোগী (অ্যাসোসিয়েট) সদস্যের মর্যাদা। এবার সেই জাপানের বিপক্ষেই খেলতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত।
বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচটি তাই জাপানের জন্য শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, দেশটির ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনাও।








