ওয়ানডেতে অভিষেক আর সেই ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব। মাত্র ১২৬ বলে ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন জর্ডান হারমান। তাতে নামের পাশে যোগ হয়েছে বিরল এক রেকর্ডও। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান করা সতীর্থ ম্যাথিউ ব্রিটজকের বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।
নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারমানের ব্যাটে দেখা গেছে চার-ছক্কার ঝড়। ১৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৭টি চার ও ৩টি ছক্কায়। গত বছর ওয়ানডে অভিষেকেই ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন ব্রিটজকে। এবার সেই তালিকায় নিজের নাম তুললেন হারমানও।
এ বছরই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এবার উইন্ডহোকে নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক। কনর এস্টারহুইজেনকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সূচনা করেন। শুরুতেই এক উইকেট হারানোর পর অভিজ্ঞ টনি ডি জর্জির সঙ্গে জুটি বেঁধে নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হন। দুজন মিলে মাত্র ১৬৭ বলে গড়েন ১৯০ রানের বিশাল জুটি।
প্রথম পঞ্চাশে যেতে হারমান খেলেছেন ৬১ বল। এরপর যেন অন্য রূপে হাজির হন তিনি। পরের ৫০ রান করেছেন মাত্র ৩২ বলে। তাতেই পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
তবে সেখানেই থামেননি। ১০০ থেকে ১৫০, পরের ৫০ রানও এসেছে মাত্র ৩২ বলে। ওয়ানডে অভিষেকে ১৫০ রান করা মাত্র দ্বিতীয় ব্যাটার হয়ে ইতিহাসে নাম লেখান হারমান।
রেকর্ড ছোঁয়া সেই ইনিংস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫০ রানের পরের বলেই রুবেন ট্রাম্পেলম্যানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
হারমানের ঝড়ের পাশাপাশি ডি জর্জি করেন ৭২ রান। ডেওয়াল্ড ব্রেভিসের ৩৩ ও করবিন বশের ৩৯ রানের কার্যকর ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।









