এবার আর কোনো অঘটন নয়। নারীদের এশিয়া কাপ নিজেদের করে নিয়েছে ভারত। দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টম শিরোপা ঘরে তুলেছে ভারতের মেয়েরা।
টি-টোয়েন্টি ফরম্যাট চালুর পর এটি ভারতের চতুর্থ এশিয়া কাপ। ২০২৪ সালের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই ভারত হারের তিক্ত স্বাদ পেয়েছিল। সেবারই প্রথম এশিয়া কাপের ট্রফি জিতেছিল লঙ্কানরা। তবে এবার প্রতিশোধের মঞ্চে ভারত ছিল একেবারে অপ্রতিরোধ্য।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে বল হাতে ঝড় তোলেন শ্রী চরণী ও দীপ্তি শর্মা। শ্রী চরণী নেন চার উইকেট। দীপ্তির শিকার ছিল তিনটি।
শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাক্কাটি দেন দীপ্তি। দশম ওভারে মাত্র দুই উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে এনে দেন তিনি। ওই ওভারে ভিষ্মি গুনারত্নেকে ২০ রানে এবং অধিনায়ক চামারি আতাপাত্তুকে ৩৬ রানে ফিরিয়ে দেন ভারতীয় এই অলরাউন্ডার।
এর আগে ব্যাট হাতে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন শেফালি বার্মা ও স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটিতে ১২৯ রান করেন তারা। মূল ঝড়টা তুলেছিলেন শেফালি। ২১তম টি-টোয়েন্টি অর্ধশতক হাঁকিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান এই ওপেনার। ফেরার আগে ৩৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৬৮ রান। তার বিদায়ে ভাঙে শুরুর জুটি। তার পর দ্রুত সময়ে ফেরেন স্মৃতিও। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন তিনি। তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ভারত সংগ্রহ করে ১৮৩ রান।








