মাত্র ৩০ বল! টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন অভিষেক শর্মার। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন ভারতের এই ওপেনার।
এই কীর্তিতে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের যৌথভাবে গড়া রেকর্ড ভেঙেছেন অভিষেক। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন রাজা। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যালেন। দুজনের চেয়ে তিন বল কম খেলেই সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিষেক।
শুধু তাই নয়, ভারতের হয়েও দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটিও এখন অভিষেকের দখলে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। অভিষেকের ৩০ বলের সেঞ্চুরিতে সেই রেকর্ডও এখন পেছনে পড়ে গেছে।
তবে সব টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এটি ছিল অভিষেকের তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি। ভারতের ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু রোহিত শর্মার ৫টি এবং সূর্যকুমার যাদবের ৪টি।
অভিষেকের ব্যাটিংয়ের গতি বোঝাতে তার ইনিংসের শুরুটাই যথেষ্ট। প্রথম ৫০ রান করতে খেলেছিলেন ১৬ বল। এরপর আফগান বোলারদের এক মুহূর্তের জন্যও স্বস্তি দেননি। পরের ১৪ বলেই তুলে নেন আরও ৫০ রান। পূরণ করেন শতক।
শেষ পর্যন্ত ইনিংসের দশম ওভারে থামেন অভিষেক। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ১০৮ রান। ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। অর্থাৎ প্রতি ৩.০৯ বলে একটি করে ছক্কা মেরেছেন তিনি।
অভিষেক যখন আউট হন, ভারতের স্কোর ছিল ১ উইকেটে ১৪২ রান। অর্থাৎ তখন দলের মোট রানের ৭৬ শতাংশেরও বেশি এসেছিল তার ব্যাট থেকে।









