এক বল বাকি থাকতে মাত্র এক উইকেটের জয়। ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনায় ভরা। এমন রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য বড় শিক্ষা নিতে পারে অস্ট্রেলিয়া- এমনটা মনে করছেন জশ ইংলিস।
রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে এমন নাটকীয় জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে উইকেটকিপার-ব্যাটার ইংলিসের ১০৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। জয় আসে মাত্র এক বল বাকি থাকতে।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে তারা। তার পর ইংলিস বলেছেন, ‘আবারও এমন পরিস্থিতিতে পড়তে হবে।’
ইংলিসের মতে, বিশ্বকাপের মতো বড় আসরে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি আবারও হতে হবে অস্ট্রেলিয়াকে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে,‘আমার মনে হয়, আমরা আবারও এমন পরিস্থিতিতে পড়বো। ছেলেরা বিশ্বকাপের ১২ মাস আগে এমন পরিস্থিতি সামলাতে পেরেছে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং পরেরবার একই ধরনের পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, সে সম্পর্কে আরও ভালো ধারণা থাকবে।’
জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার সামনে এবার আরও বড় পরীক্ষা। আগামী বৃহস্পতিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ তাই অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।








