আফগানিস্তানের বিপক্ষে টেস্টের ধকল কাটিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা যেন পর্যাপ্ত বিশ্রাম পান, সে জন্য জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ড এক দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, ১৭ অক্টোবরের পরিবর্তে তৃতীয় রাউন্ড শুরু হবে ১৮ অক্টোবর এবং শেষ হবে ২১ অক্টোবর।
বিসিবি রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, টেস্ট দলের ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডে পাওয়ার সুযোগ করে দিতেই সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘টেস্ট খেলোয়াড়দের তৃতীয় রাউন্ডে পাওয়ার সুযোগ করে দিতে এবং তাদের বাড়তি এক দিন বিশ্রামের সুযোগ দিতে এই পরিবর্তন করা হয়েছে।’
আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের আয়োজক আফগানিস্তান, আর ম্যাচগুলোও হবে সংযুক্ত আরব আমিরাতেই।
ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ সংযুক্ত আরব আমিরাতেই থেকে যাবেন। অন্যদিকে ওয়ানডে দলে সুযোগ না পাওয়া বাকি ক্রিকেটাররা ঢাকায় ফিরে এনসিএলে অংশ নেবেন।
তৃতীয় রাউন্ড এক দিন পিছিয়ে দেওয়ার কারণে এনসিএলের সামগ্রিক সময়সীমা যাতে না বাড়ে, সেজন্য তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যকার বিরতিও এক দিন কমিয়ে দেওয়া হয়েছে।
তবে চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সূচি অনুযায়ী ২৪ থেকে ২৭ অক্টোবরই অনুষ্ঠিত হবে এনসিএলের চতুর্থ রাউন্ড।