বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন শামার স্প্রিঙ্গার। ক্যারিবীয়দের হয়ে এখনো টেস্ট অভিষেক হয়নি ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে’ দেশে ফিরবেন পল। তার বিকল্প হিসেবে স্প্রিঙ্গারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে স্প্রিঙ্গার এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে তার রান ১ হাজার ৪৩। বল হাতে নিয়েছেন ৫৮ উইকেট, গড় ২৭.৮৭।
২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো মৌসুম কাটিয়েছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। তবে বোলিংয়ে সাফল্য তুলনামূলক কম ছিল তার। আট ইনিংসে ৪২ গড়ে পেয়েছেন সাত উইকেট।
পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল। তবে চোটের কারণে দুজনের কেউই দলে জায়গা পাওয়ার দৌড়ে ছিলেন না বলে জানিয়েছে সিডব্লিউআই।
পল ছাড়াও বাংলাদেশ সফরে থাকছেন না সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কাজের চাপ নিয়ন্ত্রণে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকেও। শুরুতে জোসেফের বদলেই দলে এসেছিলেন পল।
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলেও ছিলেন পল ও স্প্রিঙ্গার। শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টিতে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সেই সফর। ভারত ২-১ ব্যবধানে জিতেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।
আগামী ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। ৫ থেকে ৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।