দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি-থ্রি ট্রফি। তিন সংস্করণের এই টুর্নামেন্টের প্রথম আসর শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ হবে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে। রবিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। তবে ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
৬টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। প্রতিযোগিতার কাঠামো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে।
পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। পরাজিত দলটির সামনে অবশ্য আরেকটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরের জয়ী দলের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের বিজয়ী দল পাবে ফাইনালের টিকিট।
বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পাশাপাশি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও হবে গ্রুপ পর্বের সাতটি ম্যাচ।
ডি-থ্রি ট্রফিতে থাকছে তিনটি সংস্করণ। টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর জানুয়ারিতে হবে চার দিনের টুর্নামেন্ট। এরপর মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের আসর।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম হবে সোমবার (২৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে। নিলামের শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদা বলের অধিনায়ক লিটন দাসসহ ২২ জন ক্রিকেটার। সব মিলিয়ে নিলামে উঠবেন ২৬৩ জন খেলোয়াড়।