বেতন কমেছে ২৫ শতাংশ, বোর্ডকে জবাব দিতে বাংলাদেশে ভালো খেলার তাগিদ স্যামির

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৮:১২ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৮:১২

বেতন কমেছে ২৫ শতাংশ। জাতীয় চুক্তিতে এখনো সই করেননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে আর্থিক টানাপোড়েনের এমন পরিস্থিতিতে বাংলাদেশ সফরকে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন ক্যারিবীয় প্রধান কোচ ড্যারেন স্যামি। তার বিশ্বাস, মাঠে ভালো পারফরম্যান্স করতে পারলে বোর্ডের সঙ্গে দরকষাকষিতে শক্ত অবস্থানে থাকবেন ক্রিকেটাররা, আকৃষ্ট করা যাবে নতুন স্পনসরও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রটা ভালোভাবে শেষ করতে খেলোয়াড়দের তাগিদ দিয়েছেন স্যামি। সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ  আর্থিক, উন্নয়নমূলক ও প্রতিযোগিতামূলক সংকট মোকাবিলায় বেশ কিছু বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্তও রয়েছে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এখনো জাতীয় দলের চুক্তিতে সই করেননি। তবে স্যামির দাবি, এই মুহূর্তে ড্রেসিংরুমে চুক্তি কিংবা বেতন নিয়ে আলোচনা মুখ্য নয়। তার মনোযোগ দলের পারফরম্যান্সে, যাতে ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারেন।

স্যামি বলেন, ‘বেতন কমানোর খবর খেলোয়াড়দের জানানোর পর ভারতের বিপক্ষে সিরিজে আমরা যেভাবে খেলেছি এবং তারা যেভাবে সাড়া দিয়েছে, তাতে বোঝা যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড় করানোর জন্য তাদের তাড়না, আবেগ ও আগ্রহ কতটা। একজন পেশাদার হিসেবে আপনি কোথায় আছেন, একটি বোর্ড হিসেবে আপনার অবস্থান কী-সেই বাস্তবতা বুঝতে হবে। আর্থিকভাবে আমরা কোথায় আছি, সেটা তো গোপন কিছু নয়।’

খেলোয়াড়দের উদ্দেশে নিজের বার্তা জানিয়ে স্যামি বলেন, ‘বিশেষ করে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমার কথা হলো, আপনারা যদি শীর্ষ পাঁচে শেষ করতে পারেন, তাহলে বাড়তি প্রণোদনা আছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরস্কারমূল্য হিসেবে অনেক অর্থ বিনিয়োগ করেছে। গত দুই চক্রে আমরা আট নম্বরে শেষ করেছি। এবার সেখান থেকে ওপরে ওঠার সুযোগ আছে আমাদের সামনে। তাই এই মুহূর্তে ড্রেসিংরুমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে মনে করি না, তবে আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন।’

স্যামির মতে, মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের অবস্থান বদলাতে হবে ক্রিকেটারদের, ‘মাঠে আমরা যে পারফরম্যান্স দেখাব, তার মাধ্যমে নিজেদের এমন জায়গায় নিতে আমি ছেলেদের চ্যালেঞ্জ জানিয়েছি, যেখান থেকে বোর্ডের সঙ্গে আরও ভালো অবস্থানে দরকষাকষি করা এবং স্পনসর আকৃষ্ট করা সম্ভব হবে। ভারতের বিপক্ষে আমাদের সাদা বলের দলগুলো দারুণভাবে সেটা করেছে। আশা করি, বাংলাদেশে লাল বলের দলও তা করতে পারবে।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে স্যামি সচেতন। তবে তার দাবি, চলতি বছর ওয়েস্ট ইন্ডিজও ভালো ক্রিকেট খেলেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, আমরাও এ বছর ভালো খেলেছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার সময় আমরা নিজেদের অবস্থান নিয়ে সৎ ও বাস্তববাদী ছিলাম। এখন আমরা ঠিক সেই জায়গাতেই আছি, যেখানে থাকতে চেয়েছিলাম। এই দুটি টেস্ট আমাদের ২০২৫ সালে যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, তা পূরণের দারুণ সুযোগ।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
প্রথম টেস্টে লিটনের খেলা নিয়ে শঙ্কা
বিগ ব্যাশে বাংলাদেশের মোস্তাফিজ
সর্বশেষ খবর
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি