শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৯:৩৩ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। হাতে উইকেট থাকলেও চাপটা ছিল প্রবল। কিন্তু জ্যাক এডওয়ার্ডস প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, শেষ হাসি হাসতে চায় অস্ট্রেলিয়াই। তার ১১ বলে অপরাজিত ২৫ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দলের জয়ে বড় অবদান নিখিল চৌধুরীর। ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। শেষ দিকে এডওয়ার্ডসের ঝড়ো ব্যাটিংয়ে জয়টা সহজ হয়ে আসে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের তৃতীয় বলেই লিয়াম ডসনের স্পিনে আউট হন ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর অভিষিক্ত স্যাম হার্পার ঝড় তোলেন। জেমি ওভারটনের এক ওভারেই তুলে নেন ২০ রান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৫ বলে ৩২ রান করে হেনরি ক্রুকম্বের বলে আউট হন হার্পার। এটি ছিল নতুন এই ইংলিশ পেসারের প্রথম টি-টোয়েন্টি উইকেট।

১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৬ রান। মিচেল মার্শ ৩৭ রান করে ডসনের দুর্দান্ত ক্যাচে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর বড় শট খেলার জন্য পরিচিত টিম ডেভিডও ছন্দ খুঁজে পাননি। ২০ রান করে তার বিদায়ের পর জয়ের দায়িত্ব পড়ে নিখিল চৌধুরীর কাঁধে। তবে আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে তিনিও ফিরে যান। তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন এডওয়ার্ডস।

এর আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের ঝড়ো ৬৫ রানের ইনিংসে ১৮৭ রান তোলে সফরকারীরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ইংল্যান্ডের শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে হারায় তারা। তৃতীয় ওভারে ১০ রান করা অ্যানিউরিন ডোনাল্ডও ফিরে গেলে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে পাল্টা আক্রমণে ম্যাচের চেহারা বদলে দেন ব্রুক। রাইলি মেরেডিথের বলে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। মাত্র ২০ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি।

শেষ পর্যন্ত নিখিল চৌধুরীর বলে উইকেটকিপার হার্পারের হাতে ক্যাচ দিয়ে থামে ব্রুকের ২৮ বলে ৬৫ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে এগোয় ইংল্যান্ড।

টম ব্যান্টন ১১ রানে জীবন পান। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা মোট ছয়টি ক্যাচ ফেলেন। তবে ৩৯ রানে ব্যান্টনকে ফেরান অভিষিক্ত লাচলান শ। এরপর স্যাম কারান ২১, জর্ডান কক্স ২৭ রান করেন। উইল জ্যাকস ৩ রানে এলবিডাব্লিউ হন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৮৭ রানে পৌঁছে যায় ইংল্যান্ড।

অজিদের হয়ে দুটি করে উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস ও নিখিল চৌধুরী। 

 

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
পাকিস্তানের কাছে শিরোপা হারিয়ে পুরস্কার বিতরণী বর্জন ভারতের
সর্বশেষ খবর
আন্দোলন না করলে শ্রমিকদের সমস্যা কেউ জানতো না, সোমবার মালিকপক্ষ নতুন মজুরি জানাবে
আন্দোলন না করলে শ্রমিকদের সমস্যা কেউ জানতো না, সোমবার মালিকপক্ষ নতুন মজুরি জানাবে
চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি: মার্কিন প্যানেল
চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি: মার্কিন প্যানেল
রাজধানীতে ছাত্রলীগকর্মী  প্রিয়ম গ্রেফতার, ককটেল হামলার ‘দায় স্বীকার’
রাজধানীতে ছাত্রলীগকর্মী প্রিয়ম গ্রেফতার, ককটেল হামলার ‘দায় স্বীকার’
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের