রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল হায়দরাবাদ সানরাইজার্সের বিপক্ষে ডিএল মেথডে ৩৪ রানের জয় তুলে নিয়েছে ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। এদিন টসের পরই বৃষ্টি হানা দেয়। ফলে ১ ঘণ্টা পর ব্যাট করতে নামে সানরাইজার্স।
পুনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে তারা। জবাবে পুনে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৩ উইকেটে ৯৪ করার পর ফের বৃষ্টি হানা দেয়। শেষে বৃষ্টি আইনে ৩৪ রানের জয় তুলে নেয় ধোনির দল। বল হাতে সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। ২ ওভার বল করে ২১ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টি শুরুর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন আসা-যাওয়ার মিছিলে ছিলেন সানরাইজার্সের টপ অর্ডার ব্যাটসম্যানরা। শুরুতেই শূন্য রানে ফিরে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শূন্য রানে আউট হয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ইন মরগান। দীপক হুদা এবং ময়েস হেনরিকস উভয়ই এক রান করে আউট হন।
দলকে একাই টেনে নিয়ে গেছেন শিখর ধাওয়ান। করেছেন অপরাজিত ৫৬ রান। ৫৩ বলের ইনিংসে একটি ছয় ও দুটি চার মেরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে একজন বোলারের কাছ থেকে। ভুবনেশ্বর কুমার করেছেন ২১ রান। মাত্র ৮ বলে একটি ছয় ও তিনটি চারের সাহায্যে এ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া ২১ বলে ১৮ রান করেন নমন ওঝা। একটি ছয়ের মার মারেন তিনি।
পুনের অশোক দিন্দা একাই নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মিশেল মার্শ দুটি এবং থিসারা পেরেরা ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট লাভ করেন।
/এমআর/







