এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানকে তাদেরই মাটিতে ৯-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথমার্ধে স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তারা আরও চার গোল দেয় তাজিকিস্তানের জালে।
এর আগে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে কোচ গোলাম রাব্বানীর দল।
গত বছর এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
/এমআর/







