লা লিগায় আর মাত্র একটি ম্যাচ বাকি। ৮৮ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। রবিবার লেভান্তের সঙ্গে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
আগামী রবিবার গ্রানাডার বিপক্ষে জিতলেই লা লিগা শিরোপা নিশ্চিত করবে গতবারের চ্যাম্পিয়ন বার্সা। অন্যদিকে শেষ ম্যাচে দেপোর্তিভো'র বিপক্ষে রিয়ালকে শুধু জিতলেই হবে না প্রার্থনায় বসতে হবে বার্সার হারের জন্য।
আগামী শনিবার দেপোর্তিভো লা করুনার মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। একই সময় গ্রানাডার বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। বার্সা যদি জিতে যায় তবে দেপোর্তিভোকে হারালেও শিরোপা জিততে পারবে না রিয়াল। অন্যদিকে বার্সা যদি হারে আর রিয়াল জিতে যায় তবে শিরোপা যাবে সান্তিয়াগে বার্নাব্যুতে। আবার মেসিরা যদি হেরে যান আর রোনালদোরা ড্র করেন তবে শিরোপা ন্যু-ক্যাম্পেই যাবে।
পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে রয়েছে গ্রানাডা। দলটির পক্ষে দুর্দান্ত ফর্মে থাকা বার্সাকে হারানোটা 'মিরাকল' বলাই যেতে পারে। লা লিগার শিরোপা জিততে ওই মিরাকলের অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই জিনেদিন জিদানের দলের।
/এমআর/








