ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১৬-তে শুভসূচনা করেছে পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধে পাওয়া একমাত্র গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে রবার্ট লেভানডোভস্কির দেশ। জয়সূচক গোলটি করেন আরকাডিউস মিলিক।
‘সি’ গ্রুপের এই ম্যাচের শুরু থেকেই আইরিশদের রক্ষণে চাপ তৈরি করে পোল্যান্ড। ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নিতে পারতো পোলিশরা। মিলিকের একক প্রচেষ্টায় বাধ সাধে আইরিশ গোলরক্ষক। ২৮তম মিনিটেও মিলিকের নেওয়া শট রুখে দেয় প্রতিপক্ষের ডিফেন্স।
৩০ মিনিটের মাথায় আবারও জ্বলে উঠতে দেখা যায় পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলতে থাকা মিলিককে। তার বাঁকানো শট গোলবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
খেলার ৫০ মিনিটে জাকুব ব্লাসেসকোস্কির বাড়ানো বল মাটি কামড়ানো শটে নর্দার্ন আয়ারল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড মিলিক। ওই গোলে শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পোলিশরা।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পোল্যান্ড। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে দলটি। আইরিশদের জাল লক্ষ্য করে সাতবার শট নিয়েও একবারের বেশি আনন্দ উদযাপন করতে পারেনি পোল্যান্ড।
/এমআর/







