ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে মুক্তিযোদ্ধাকে হারিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র । বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। রাসেলের এই জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম আবাহনীও। আর চট্টগ্রাম আবাহনীকে হারানোর সুবাদে ৩ পয়েন্ট থাকায় হেরেও কোনও ক্ষতি হয়নি মুক্তিযোদ্ধার। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে তারাও।
'বি' গ্রুপের এই ম্যাচের ওপর নির্ভর করছিল শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীর ভাগ্য। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট অর্জন করায় শেষ আটে যাবার রাস্তাটা আগেই কঠিন হয়ে গিয়েছিলো বন্দর নগরীর দলটির। মুক্তিযোদ্ধার ৩ পয়েন্ট আর শেখ রাসেলের ১ পয়েন্ট ছিলো আগেই। যে কারণে ঐ ম্যাচে শেখ রাসেল অন্তত ১-০ গোলে হারলে টিকে থাকার একটা সুযোগ ছিলো চট্টগ্রাম আবাহনীর। কিন্তু সেই আশায় গুড়ে বালি। হার তো দূরে থাক। ম্যাচের শুরু থেকেই শেখ রাসেল এমন গুছানো ফুটবল খেলেছে যে তাদের আটকে রাখতে পারেনি মুক্তিযোদ্ধা। তাই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল।
ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের মুখ দেখে শেখ রাসেল। অধিনায়ক আতিকুর রহমান মিশুর পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ক্যামেরুনের ডিফেন্ডার জে ইকাঙ্গা। আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে প্লেসিং শটে বল জলে পাঠান তিনি ।
৩২ মিনিটে দর্শনীয় গোল উপহার দিয়েছে অল ব্লুজরা। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদের চমৎকার শট বাঁক খেয়ে আশ্রয় নেয় জালে।
৪৩ মিনিটে শেখ রাসেলের ইকাঙ্গার ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসলে ফিরতি বল জালে পাঠান পল এমিল। প্রথমাধেই তিন গোলে এগিয়ে স্বস্তিদায়ক অবস্থানে চলে যায় মারুফুল হকের শিষ্যরা।
বিরতির পর ৫০ মিনিটে বক্সের কাছেই বা প্রান্তে ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার বাক খাওয়ানো শট ছিলো ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। ৫৫ মিনিটে আবারও কোলো মুসার জোড়ালো শট আটকে দেন এই গোলরক্ষক। এরপর বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলো দু’দল তবে গোল পায়নি। ফলে ৩-০ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করে শেখ রাসেল।
/এমআর/






