মেসির ব্যর্থতার দিনে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

মাহফুজ রাহমান
২৭ জুন ২০১৬, ০৮:৫৬আপডেট : ২৭ জুন ২০১৬, ১০:৫০

গত বছরের কোপা আমেরিকার সেই মুহূর্তই কিভাবে ভোলা যায়! ৩ জুলাই ২০১৫-র রাতে এমনই এক অদৃশ্য শিরোনাম মুড়ে দিয়েছিল বিশ্বফুটবলকে। আর্জেন্টিনার দশ নম্বর নেমেছিলেন অগ্নিপরীক্ষায়। নামের পাশে অদৃশ্য দাগটা মুছতে। কিন্তু সান্তিয়াগোর সেই রাতে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার হারটা যেন বুঝিয়ে দিয়েছিল, ক্লাবের হয়ে তিনি 'ঈশ্বর' হতে পারেন কিন্তু দেশের জার্সিতে রক্তমাংসের মানুষই। যার অতিমানবীয় ফুটবল দক্ষতাও দেশকে আর একটা অভিশপ্ত রাত থেকে বাঁচাতে পারেনি। গঞ্জালো হিগুয়েন পেনাল্টি উড়িয়ে দিলেন আকাশে। ফাইনাল জিতে ছোঁ মেরেই কাপ নিয়ে চলে গেল চিলি।
এবার ঠিক যেন গতবারের পুনরাবৃত্তি। শতবর্ষী কোপার ফাইনালে মুখোমুখি সেই আর্জেন্টিনা- চিলি। মেসিদের প্রতিশোধ নেওয়ার মোক্ষম উপলক্ষ। কিন্তু এদিন দেখা যায়নি মেসি ম্যাজিক। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য খেলা। ম্যাচ গড়ালো পেনাল্টিতে। ভিদালের প্রথম পেনাল্টি ঠেকিয়ে নায়ক হতে পারতেন রোমেরো। কিন্তু মেসির পেনাল্টি মিসে সেটা আর হয়নি। ম্যাচের খলনায়ক বনে গেলেন মেসি। আর বিগলিয়ার পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়ে চিলির জয়েল নায়ক ক্লদিও ব্রাভো। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে নিল চিলি। আবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো মেসিদের! আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপা খরা আরও দীর্ঘ হলো! মেসির ব্যর্থতার দিনে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

দু’বছর আগের রিও ডি জেনেরিও। বিষণ্ণ মুখে লিওনেল মেসি হেঁটে চলে যাচ্ছেন। পাশে ঝকঝক করছে বিশ্বকাপ। বিশ্ব জুড়ে অসংখ্য ভক্ত এই ট্রফি তার হাতে দেখতে চেয়েছিলের। মেসিকে তার বদলে ফিরতে হল রানার্স ট্রফি নিয়েই। বনে গেলেন দেশের জার্সি গায়ে ট্র্যাজেডির নায়ক!

আর একটু পিছিয়ে যাওয়া যাক! ২০০৭-এর কোপা ফাইনাল। রবার্তো আয়ালার সেই অভিশপ্ত সেমসাইড গোল এবং আরও একবার ট্রফি জয়ের স্বপ্ন অধরা থেকে যাওয়া। মারাকাইবো, রিও ডি জেনেরিও কিংবা সর্বশেষ সান্তিয়াগো তাকে যা দিতে পারেনি, এক বছরের মধ্যে নিউ জার্সি তা পূরণ হলো না। সেই ব্যর্থতার বৃত্তে বন্দি টিম আর্জেন্টিনা।

এক বছরের মধ্যে মেসির মুখে চাপা দাড়ি ছাড়া আর কোনও বদল আসেনি। দেশকে ট্রফি দেওয়ার অদম্য জেদও কমেনি। প্রমাণ করার তাগিদও কমেনি যে দেশকেও তিনি সোনার রাত উপহার দিতে পারেন। লিওনেল মেসি শতবর্ষের কোপার ফাইনালে চিলির বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে ঘোষণা দিয়েছিলেন, 'ইতিহাসটা বদলে দিতে চাই।' কিন্তু তা আর হলো কই। উল্টো ব্যর্থতার ষোলোকলা পূরণ। এবার পেনাল্টি মিস করে ব্যর্থতার 'নায়ক'মেসি নিজেই। 

মেসির ব্যর্থতার দিনে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

খেলার শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। প্রথম মিনিটে চিলির গোলপোস্টের ২৫ দজ দূর থেকে শট নেন এভার বানেগা যদিও সেটি পোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে চলে যায়। ম‌‌‌াচের ২৯ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হিগুয়েন । রক্ষণের ভুলে বল পেয়ে যান তিনি। বল নিয়ে দৌড় দেন সোজা গোলপোস্টের দিকে । চিলিয়ান গোলকিপার ক্লদিও ব্রাভোকে একাও পেয়েছিলেন। করেছিলেন দুর্দান্ত একটি চিপ। কিন্তু সেটা বেরিয়ে যায় বাম বাশের গোলপোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে।

গোলশূন্য প্রথমার্ধের ঘটন-অঘটন বলতে দুটি লাল কার্ড। খেলার ২৮ মিনিটে ১০ জনের দল হয়ে যায় চিলি। ১৬ ‌‌‌মিনিটে মেসিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখা মার্সেলো ডিয়াজ ২৮ মিনিটে ফের মেসি ফাউল করে বসেন। তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করেন দেন রেফারি। ৪২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনাও। আর্তুরো ভিদালকে অন দ্য বল হিট করেও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কোস রোহো।

দ্বিতীয়ার্ধেও স্বরূপে ফিরতে পারেননি মেসিরা-হিগুয়েনরা। উল্টো ৮০ ‌‌‌মিনিটে গোল খেতে বসেছিল আলবেসিলেস্তরা। সানচেজের পাস থেকে বল নিয়ে আর্জেন্টিনার গোলমুখে ঢুকে পড়েন ভার্গাস। শটও নিয়েছিলেন। কিন্তু সে যাত্রায় আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন গোলরক্ষক রোমেরো। ৮৪ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়েও আকাশে মারেন আগুয়েরো!

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্তি সময়ে। ৯৯ মিনিটে ফের আর্জেন্টিনার ত্রাতা রোমেরো। পুঞ্চের ক্রস থেকে দারুণ হেড করেছিলেন ভার্গাস। কিন্তু তার হেডারটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রোমেরো। পরের মিনিটে দুর্ভাগ্যের শিকার আর্জেন্টিনা। ফ্রি-কিক থেকে দারুণ হেড করেছিলেন আগুয়েরো। জালের দিকে যাওয়া বলটিতে কোনওরকমে হাত ছোঁয়ান ক্লদিও ব্রাভো। বল ক্রসবারের সঙ্গে লেগে চলে যায় ওপর দিয়ে। গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা।

শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়েও। তাতেও মিমাংসা না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ভিদালের শট ঠেকিয়ে দেন রোমেরো। কিন্তু নিজের ও দলের প্রথম শটটি আকাশে মারেন মেসি। পরে বিগলিয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ব্রাভো। ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় চিলি। 

ক্লাবের জার্সিতে যা প্রায় ভাবা যায় না, দেশের জার্সিতে নামলে সেসব শুনতে হয় মেসিকে। সমালোচকদের বুলেটগুলো তখন বেশি করে ধেয়ে আসে এলএম টেনকে লক্ষ্য করে। সমালোচক বারবার তাকে বিদ্ধ করেছেন একই প্রশ্নে! বার্সেলোনার হয়ে মেসির ফুটবল আর দেশের জার্সিতে ফুটবলে এত তফাত হয়ে যায় কেন? ক্লাবের হয়ে যে মেসি গত সাত বছরের মধ্যে পাঁচবার বর্ষসেরা ফুটবলার হয়েছেন, তিনি দেশের হয়ে খুব কমই তার প্রতিভার ঝলক দেখাতে সক্ষম হয়েছেন কেন?  দু’টোই স্ট্রাইপড জার্সি। একটি লাল-নীল-হলুদ মেশানো। অন্যটি নীল-সাদা। দু’টো একই লোক। কিন্তু মাঠের পারফরম্যান্সে এত তফাত কেন!

মেসির ব্যর্থতার দিনে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

দিন কয়েক আগেই তো ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিও মেসির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। ফাইনালে তাই মাঠের ভিতরের পাশাপাশি বাইরের চ্যালেঞ্জটাও সামলাতে হয়েছে মেসিকে। চারটি ফাইনালে হার। গত তিন বছরের মধ্যে তিনবার। বিশেষজ্ঞদের মতে এটাই ছিল মেসির শেষ সুযোগ দেশের হয়ে ট্রফি জেতার। শুধু শিরোপা জেতার নয়। আরও অনেক জবাবের ফাইনাল ছিল এটি। কিন্তু জবাব আর দেওয়া হলো না!
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম