নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের শেষ মুহূর্তের গোলে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করলো ব্রাদার্স ইউনিয়ন। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলাটির নির্ধারিত ৯০ মিনিটে এগিয়ে ছিল টিম বিজেএমসি। তবে অতিরিক্ত সময়ে কিংসলের করা গোলে তারা জয়বঞ্চিত হয়।
খেলার ১১ মিনিটেই এগিযে যেতে পারতো টিম বিজেএমসি। নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর থ্রু-পাসে ব্রাদার্স ডিফেন্স ভেদ করেন ফরোয়ার্ড মেহেদী হাসান তপু। বল নিয়ে তিনি এগিয়ে যান, বিপদ সামাল দিতে পোস্ট ছেড়ে এগিয়ে এসেছিলেন ব্রাদার্স গোলরকক্ষক উত্তম বড়ুয়া। তপু তাড়াহুড়ো করে যে শটটি নেন তা আঘাত হানে উত্তম বড়ুয়ার পায়ে।
তবে ১৪ মিনিটে ব্রাদার্সের দূর্গে ফাটল ধরায় বিজেএমসি। ব্রাদার্স রক্ষণভাগের ভুলে গোলটি করেন মিডফিল্ডার মোখলেসুর রহমান। নিজ দলের এক ডিফেন্ডারের ব্যাক পাস ধরতে পারেননি ব্রাদার্স গোলরক্ষক উত্তম। মিডফিল্ডার মোখলেসুর রহমান বল আয়ত্বে নিয়ে ঠেলে দেন ফাঁকা পোস্টে।
ব্রাদার্স গোল পরিশোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শানায়। তবে তাদের প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেনি। ২৯ মিনিটে কিংসলের একক প্রচেষ্টায় বিজেএমসি ডিফেন্স ভেদ করে বক্সের ডান কোনা থেকে মারেন জোরালো শট। বল সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। ৫৮ মিনিটে আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের করা থ্রু পাসে বল ফাঁকায় পেয়ে যান মান্নাফ রাব্বি। কিন্ত তিনি বল তুলে দেন বিজেএমসি গোলরক্ষক হিমেলের হাতে।
রেফারি চার মিনিট অতিরিক্ত সময় যোগ করেন খেলা শেষের আগে। এর তৃতীয় মিনিটে মো. রনির ক্রসে হেড করে সমতাসূচক গোলরটি করেন এনকোচা কিংসলে।
/আরএম/এমআর/







