জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন রাউন্ডের শেষ খেলায় আজ মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধ গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় মুক্তিযোদ্ধা।
খেলার ৫৯ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে একক প্রচেস্টায় বল নিয়ে মুক্তিযোদ্ধা ডিফেন্স ভেদ করেন। নেন কোনাকুনি শট। বল মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খানকে পরাস্ত করলেও সাইড পোস্টে আঘাত করে ফিরে আসে।
মুুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ। ৬৫ মিনিটে বক্সের বাম প্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো শটে তিনি করেন গোলটি।
৮৫ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন। মিডফিল্ডার সোহেল রানার ফ্রি-কিক ব্রাদার্স ডিফেন্স ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান কোলো মুসা। ডান পায়ের বাইরের প্রান্ত দিয়ে তিনি বল ঠেলে দেন জালে।
তিন ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট সাত, ব্রাদার্সের পয়েন্ট দুই।
/এমআর/








