বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেতনভুক্ত কোচিং প্যানেল থেকে পদত্যাগ করেছেন সাইফুল বারী টিটু। বাফুফের কোচ হওয়া সত্বেও ছুটি নিয়ে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লিগের শেষ হয়েছে মাত্র ছয়টি রাউন্ড। বাকি অরও ১৬টি রাউন্ড। তাই ক্লাব কোচিংয়েই সময় দিতে মনস্থির করেছেন কখনও জাতীয় দলের প্রধান কোচ বা কখনও সহকারী কোচের ভূমিকায় থাকা টিটু।
এরই মধ্যে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিষয়টি স্বীকার করে টিটু বলেন, ‘আসলে আমি এখন ক্লাবেই বেশি মনোযোগ দিতে চাই। একসঙ্গে দুটি কাজ পালন করাও সম্ভব নয়। তাই বাফুফের চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এরই মধ্যে তার ছুটির মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। তাই কিছুদিন পরই আবার আরামবাগের সঙ্গে থাকার জন্য ফেডারেশন বরাবর তাকে ছুটির আবেদন করতে হতো।
/আরএম/এমআর/







