ম্যাচটা দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের। আর সেই ম্যাচেই কিনা গ্যালারির এমন দশা! একটা সময় ছিল যখন এই দুই দলের খেলায় মাঠে উপচে পড়তো দর্শক। তিল ধারনের ঠাঁই হতো না। স্টেডিয়ামের বাইরে হতো টিকিট না পাওয়া সমর্থকদের আহাজারি। কিন্তু সেই দিন গত হয়েছে অনেক আগেই। বুধবার জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এই দুই দলের ফুটবল লড়াইয়ে উপস্থিত ছিলেন মাত্র হাজার খানেক দর্শক! এমনকি প্রায় ২৮ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামের পূর্ব গ্যালারির কোনও গেটই খোলা হয়নি।
মাঠে পূর্ব গ্যালারির গুলিস্তান দিকের প্রান্ত আবাহনীর সমর্থকরা ও বায়তুল মোকাররমের প্রান্ত মোহামেডান সমর্থকরা বছরের পর বছর ব্যবহার করে আসছে। আর সেখানেই ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন দুই দলের সমর্থকরা। ব্যতিক্রম ছিল এই- তাদের মুখে ছিল না কোনও স্লোগান। এমনকি প্রতিপক্ষকে কথার লড়াইয়ে পরাস্ত করার চেষ্টারও দেখা মেলেনি।
এবারের লিগে আবাহনী গড়েছে শক্তিশালী দল কিন্তু মোহামেডান বিগত বছরগুলোর মতো এবারও সেরকম দল গড়েনি। যার বিরূপ প্রভাব পড়েছে গ্যালারিতে। কাগজে-কলমে দলের মাঝে অনেক পার্থক্য। আর সেই পার্থক্যই প্রতিশ্রুতি দেয় না জমজমাট প্রতিদ্বন্দ্বিতার! এছাড়া নেই এমন কোনও তারকার আকর্ষণ যার ফুটবল শৈলীর টানে মাঠে ছুটবে দর্শক। তবে দুই দলের খেলা যে একেবারেই নিষ্প্রাণ সেটি বলা ঠিক হবে না। কিন্তু তারকার আকর্ষণ না থাকায় নিষ্প্রাণই থাকছে গ্যালারি!
/আরএম/এফআইআর/








