কথাটা কতবার যে বলেছেন, হিসাব দেওয়া কঠিন। যখনই বার্সেলোনা ছাড়ার বিষয়ে কিংবা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আছে কিনা, এমন প্রশ্নে বরাবরই বলেছেন ‘ক্যারিয়ার শেষ করতে চাই বার্সেলোনায়’। সেই লিওনেল মেসিই নাকি ছেড়ে যাচ্ছেন বার্সেলোনা! মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র যে খবর, তাতে আর্জেন্টাইন অধিনায়ক নতুন চুক্তি করতে রাজি নন কাতালান ক্লাবটির সঙ্গে। ২০১৮ সাল পর্যন্ত থাকা চুক্তিটাই কেবল পুরো করতে চান মেসি।
নেইমারের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সেলোনা। তার আক্রমণভাগের সঙ্গী লুই সুয়ারেসের সঙ্গেও চুক্তি নবায়নের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উরুগুইয়ান স্ট্রাইকার দিন কয়েক আগে নিজেই নিশ্চিত করেছেন খবরটি। এখন ‘এমএসএন’-এর তৃতীয় জনের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু মেসি চুক্তি নবায়ন করতে চান না বলেই খবর মার্কার। স্প্যানিশ ক্রীড়া দৈনিকটির খবর, কর ফাঁকির মামলায় বাজেভাবে ফেঁসে যাওয়ায় স্পেনে আর থাকতে চাইছেন না আর্জেন্টাইন অধিনায়ক। তাই ২০১৮ সালের জুন পর্যন্ত থাকা চুক্তিটা শেষ করেই বার্সেলোনাকে বিদায় বলে দিতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
নেইমারের আগে সের্হিয়ো বুশকেৎস ও হাভিয়ের মাসচেরানোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। দলের অন্য সিনিয়র খেলোয়াড়-আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ ও গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনের সঙ্গেও চুক্তির বিষয়ে আলোচনা করছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যদিও মেসির সঙ্গে আলোচনায় বসতে পারছেন না বলে খবর মার্কার। গত মাসে ব্রিটিশ দৈনিক ‘টেলিগ্রাফ’-এ দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ বলেছিলেন, ‘লিও মেসির চুক্তিটা শেষ হবে ২০১৮ বিশ্বকাপের পর। আমরা ওর সঙ্গে অনেক ভালো আছি, অনেক ভালো।’ যদিও ভবি্ষ্যতের বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি বার্সা প্রধান, ‘জানি না ভবিষ্যতে কি হবে। তবে অবশ্যই আমরা সব সময় ওকে বোঝানোর চেষ্টা করি, ও বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবে আছে। আর এটাই ওর থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা।’
বার্তোমেউয়ের কথার মধ্যে পাওয়া অনিশ্চয়তার বিষয়টিও সামনে এনে এখন দুয়ে দুয়ে চার মেলাচ্ছে স্প্যানিশ মিডিয়া! মার্কা
/কেআর/








