লিওনেল মেসি না থাকলেই কেমন জানি এলোমেলো হয়ে যায় বার্সেলোনা। লা লিগার সবশেষ ম্যাচটাই যেমন। অসুস্থ হয়ে খেলতে পারলেন না মেসি, আর ঘরের মাঠেও বার্সেলোনা গোলশূন্য ড্র করল মালাগার বিপক্ষে। মেসির ওপর বার্সেলোনার নির্ভরশীলতার কথা জানিয়েছেন দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়। যদিও কাতালান ক্লাবটির মিডফিল্ডার রাফিনহা আলকান্তারা মনে করেন না তেমনটা। তার মতে, মেসিকে ছাড়াও খেলতে পারে বার্সেলোনা।
মালগার ম্যাচটি মিস করলেও সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ দিয়ে মাঠে ফিরছেন মেসি। তাতে যেন তৃপ্তির ঢেকুর তুলেছেন কোচ লুই এনরিকে। অথচ রাফিনহার ধারণাটা সম্পূর্ণ আলাদা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্লাসগোর ম্যাচের আগে বলেছেন, ‘আমি মনে করি না আমরা মেসির ওপর নির্ভরশীল। সে বিশ্বের সেরা খেলোয়াড় হলেও আমরা তাকে ছাড়া খেলতে পারি।’ মূলত মালগার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণেই সেল্টিক ম্যাচের সংবাদ সম্মেলনে উঠে এসেছিল ‘মেসি নির্ভরশীলতার’ প্রসঙ্গ। রাফিনহা অবশ্য আগের ম্যাচ ভুলে গিয়ে চোখ রাখছেন সামনে, ‘আমরা সুযোগ তৈরি করেছিলাম (মালাগার বিপক্ষে)। যদিও বল কোনওভাবেই জালে জড়ায়নি। আমার মনে হয় না এখানে চেষ্টা কোনও কমতি ছিল। আশা করছি পরের ম্যাচে ভালো করব।’ মার্কা
/কেআর/








