গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও আর্সেনালকে পড়তে হলো কঠিন বাধার সামনে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ যে বায়ার্ন মিউনিখ। আর ড্র ভাগ্য গত দুই মৌসুমের মতো এবারও বড় দলের সামনে ফেলেছে বার্সেলোনাকে। কোয়ার্টার ফাইনালে উঠার পথে তাদের বাধা প্যারিস সেন্ত জার্মেই।
একেই বলে ভাগ্য। গ্রুপ পর্বে রানার্সআপ হয়েও রিয়াল মাদ্রিদের পথটা তবু তুলনামূলক সহজই থাকলো। সাধারণত গ্রুপ থেকে দ্বিতীয় হলে নকআউট পর্বে কঠিন দলের সামনে পড়তে হয়। কারণ সেরা দলগুলোই হয় গ্রুপ সেরা। চলতি চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের পিছে থেকে গ্রুপ পর্ব শেষ করেও ড্র ভাগ্য শেষ ষোলোতে মাদ্রিদের ক্লাবটির মুখোমুখি করেছে নাপোলিকে। রিয়াল যেমন ‘ভাগ্যবান’, ঠিকই তেমনই দূর্ভাগা আর্সেনাল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও ইংলিশ ক্লাবটিকে পড়তে হলো কঠিন বাধার সামনে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ যে বায়ার্ন মিউনিখ। আর ড্র ভাগ্য গত দুই মৌসুমের মতো এবারও বড় দলের সামনে ফেলেছে বার্সেলোনাকে। কোয়ার্টার ফাইনালে উঠার পথে তাদের বাধা প্যারিস সেন্ত জার্মেই।
সে হিসাবে ভাগ্য ভালো ম্যানচেস্টার সিটির। বার্সেলোনার পেছনে থেকে নকআউট পর্ব নিশ্চিত করা সিটিজেনরা শেষ ষোলোতে লড়বে মোনাকোর বিপক্ষে। তাদের ইংলিশ প্রতিপক্ষ লিস্টার সিটির কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে খেলবে সেভিয়ার বিপক্ষে। স্প্যানিশ আরেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের সামনে বাধা জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন। আরেক জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ড শেষ ষোলোতে মুখোমুখি হবে বেনফিকার বিপক্ষে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস লড়বে পোর্তোর বিপক্ষে।
পিএসজির সঙ্গে দেখা হওয়াটা রুটিন হয়ে গেছে বার্সেলোনার জন্য। সবশেষ পাঁচ মৌসুমে এ নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে ক্লাব দুটির। ২০১৪-১৫ মৌসুমে তো দুইবার মুখোমুখি হয়েছিল তারা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে! গ্রুপ পর্বের পর প্যারিসের ক্লাবটির বিপক্ষে বার্সেলোনা খেলেছিল কোয়ার্টার ফাইনালে। শেষ আটের সেই লড়াইয়ে শুধু পিএসজিকে নয়, শিরোপাও জিতেছিল কাতালানরা। চলতি মৌসুমে তাদের দেখা হয়ে যাচ্ছে শেষ ষোলোতেই।
সবশেষ পাঁচ মৌসুমে প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছিল আর্সেনাল। তাই আশা ছিল এবার বড় কোনও দলের বিপক্ষে লড়তে হবে না তাদের। কিন্তু ফুটবলদেবতা আবারও কঠিন পরীক্ষার মধ্যে ফেলল গানারদের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদের পেরোতে হবে বায়ার্ন মিউনিখের বাধা। উয়েফা ডটকম
শেষ ষোলোর লাইনআপ :
প্যারিস সেন্ত জার্মেই-বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ-নাপোলি
বায়ার্ন মিউনিখ-আর্সেনাল
পোর্তো-জুভেন্টাস
ম্যানচেস্টার সিটি-মোনাকো
বেনফিকা-বরুশিয়া ডর্টমুন্ড
বেয়ার লেভারকুসেন-অ্যাতলেতিকো মাদ্রিদ
সেভিয়া-লিস্টার সিটি
/কেআর/








