এবার শুধু জার্সি নয়, সত্যিকার মেসিকেই সামনে থেকে ছুঁয়ে দেখল আফগানিস্তানের ছয় বছরের শিশুটি। প্রিয় তারকার কোলে উঠেও বেড়াল মুর্তাজা আহমাদি নামের সেই খুদে ভক্ত।
মনে পড়ে সেই ছবিটির কথা, লিওনেল মেসির নামের সঙ্গে তার আইকনিক ‘নম্বার টেন’ লেখা প্লাস্টিকের কাগজ দিয়ে বানানো ‘জার্সি’ গায়ের এক শিশুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা মেসির সেই খুদে ভক্তের ছবিটি ভোলার কথা নয় কারও। যাকে নিজের স্বাক্ষর করা একটা জার্সিও পাঠিয়েছিলেন মেসি। এবার শুধু জার্সি নয়, সত্যিকার মেসিকেই সামনে থেকে ছুঁয়ে দেখল আফগানিস্তানের ছয় বছরের শিশুটি। প্রিয় তারকার কোলে উঠেও বেড়াল মুর্তাজা আহমাদি নামের সেই খুদে ভক্ত।
গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুর্তাজার ছবিটি। সাদা-আকাশী প্লাস্টিকের ব্যাগ দিয়ে বানানো ‘জার্সি’ গায়ে তোলা তার ছবিটি আলোড়ন তৈরি করে গোটা বিশ্বে। মেসির কাছেও খবরটা যেতে সময় লাগেনি। খুদে ভক্তের ভালোবাসার দাম দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। আফগান শিশুটিকে পাঠিয়ে দেন নিজের স্বাক্ষর করা জার্সি। এবার তাকে কোলে তুলে আদরও করলেন বার্সেলোনা তারকা। কাতালান ক্লাবটি প্রীতি ম্যাচ খেলতে গেছে কাতারে। সেখানেই দুজনের দেখা হয়েছে বলে জানিয়েছে কাতারের ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কমিটি। কাতারের ক্লাব আল আহিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মুর্তাজার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন মেসি। মাঠের মধ্যে খুদে ভক্তের সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক বেশ খানিকটা সময় হেঁটেছেন বলেও জানিয়েছে বিশ্বকাপ আয়োজক কমিটি।
মেসির সঙ্গে আফগান শিশুর দেখা হওয়ার খবর নিশ্চিত করেছে তারা টুইটারে, ‘এই ছবিটা দেখতে চেয়েছে গোটা বিশ্ব। প্রিয় নায়কের সঙ্গে দেখা হওয়ার যে স্বপ্ন ছিল ছয় বছর বয়সী শিশুটির, সেটা অবশেষে পূরণ হলো।’ বিবিসি
/কেআর/






