হুয়ান মাতার গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে হারিয়েছে রোস্তভকে। বৃহস্পতিবারের এ জয়ে ২-১ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা।
হোসে মরিনহোর দল কয়েকটি সুযোগ পেলেও মাতার দ্বিতীয়ার্ধের লক্ষ্যভেদী শটই দলের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৭০ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচ ও হেনরি মাখতারিয়ানের যোগসাজশে খুব সহজে গোলমুখ খোলেন স্প্যানিশ তারকা।
৭৯ মিনিটে রোস্তভ সমতা ফেরাতে পারত। কিন্তু হয়নি ম্যানইউ গোলরক্ষক সার্জিও রোমেরোর কারণে। গোলপোস্টের খুব কাছ থেকে আলেক্সান্দার বুখারোভ হেড করেছিলেন, সেটা হাত দিয়ে বাইরে পাঠান রোমেরো। এর পর শেষ মুহূর্তে ক্রিস্টিয়ান নোবোয়ার ফ্রিকিক ঠেকিয়ে দলকে বাঁচান ম্যানইউর এ গোলরক্ষক।
এদিকে ইতালিয়ান জায়ান্ট রোমার মাঠে ২-১ গোলে হেরেও ৫-৪ অগ্রগামিতায় শেষ আটে উঠেছে লিঁও। বরুশিয়ান মনশেনগ্লাদবাখের মাঠে ২-২ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোলের পুরস্কার হিসেবে শ্যালকে পৌঁছায় কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
বেসিকতাসও ১-১ গোলে ড্র করেছিল প্রথম লেগে। দ্বিতীয় লেগে অলিম্পিয়াকোসকে ৪-১ গোলে হারিয়ে উঠেছে পরের পর্বে। লা লিগার সেল্তা ভিগো ২-০ গোলে ক্রাসনোদারের বিপক্ষে জিতে ৪-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে।
প্রথম লেগে হেরে গেলেও আয়াক্স ২-০ গোলে এফসি কোপেনহেগেনের বিপক্ষে জিতেছে। তারা শেষ আটে উঠেছে ৩-২ গোলের অগ্রগামিতায়। বেলজিয়ান ক্লাব জেঙ্ক তাদের স্বদেশী প্রতিপক্ষ জেন্তকে বিদায় করেছে। ১-১ গোলে ড্র করেও ৬-৩ গোলের অগ্রগামিতায় শেষ আটে জেঙ্ক। তাদের সঙ্গী আরেক বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখট। ঘরের মাঠে অ্যাপোয়েলকে ১-০ গোলে হারিয়েছে। প্রথম লেগেও সমান ব্যবধানে জিতেছিল তারা। সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/








