চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে হামলার পর জানা গিয়েছিল হালকা চোট পেয়েছেন দলটির ডিফেন্ডার মার্ক বার্ত্রা। কিন্তু সময় গড়াতে গড়াতে সেই চোট গুরুতর আঘাত হিসেবে রূপ নেয়। ফলে বাধ্য হয়েই অস্ত্রোপচার করাতে হয় বার্ত্রার সেই আঘাত প্রাপ্ত কব্জিতে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল বরুশিয়া ডর্টমুন্ড-মোনাকোর। মঙ্গলবার দিবাগত রাতের ওই ম্যাচ খেলতেই মাঠে যাচ্ছিল স্বাগতিক ডর্টমুন্ডের টিম বাস। যাওয়ার পথে হোটেলের বাইরে হঠাতই তিন দফা বিস্ফোরণে কেঁপে উঠে ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহন করা এই বাস। সেই ঘটনায় একমাত্র আহত হয়েছেন দলটির ডিফেন্ডার মার্ক বার্ত্রা। যাতে তার একটি হাত ভেঙে যায়। আকস্মিকতায় সেটি বুঝা না গেলেও পরে এনিয়ে কথা বলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা স্টেইন, ‘ধীরে ধীরে ওর অবস্থা বুঝা যায়। প্রথমে হাল্কা মনে হলেও পরে দেখা বিষয়টি গুরুতর।’
ওই বিস্ফোরণের সময় বার্ত্রার সঙ্গে ছিলেন গোলরক্ষক রোমান বুর্কি। সেই সময়ের ঘটনার বর্ণনা এভাবেই করেন তিনি, ‘আমি ওর পেছনে বসে ছিলাম। দেখলাম জানালার কাঁচের ভাঙা অংশ ওর হাতে এসে লাগে। ঘটনার পরই আমরা সবাই নিচু হয়ে বসে পড়ি। কেউ কেউ তো বাসের ফ্লোরেই অবস্থান নিয়েছিল। ওই সময় জানি না বাইরে কী হচ্ছিল। পুলিশ এসে দ্রুত সব কিছু নিয়ন্ত্রণে নেয়।’
এমন ঘটনার পরেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে দলটির খেলোয়াড়রা। ডর্টমুন্ড প্রধান জানান, ‘কেউ ভাবেনি ফুটবল ম্যাচের আগে এমনটি হবে। সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।’
বুন্দেসলিগা টুইট করে জানিয়েছে বার্ত্রা ডান হাতের কব্জিতে আঘাত পেয়েছেন। এদিকে বাতিল হওয়া ম্যাচটি বুধবার হওয়ার কথাই জানিয়েছে উয়েফা।-গোলডটকম।
/এফআইআর/







