দিনকয়েক আগে কাতালুনিয়ার ক্রীড়ামন্ত্রী জেরার্দ ফিগুয়ারস জানিয়েছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারে বার্সেলোনা। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে কাতালান দলটি আর লা লিগায় খেলবে না বলে ইঙ্গিত ছিল তার কথায়। একই ইঙ্গিত এবার দিলেন বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ। বার্সেলোনার লা লিগা ছাড়া যে গুঞ্জন বাতাসে উড়ছে, কাতালান স্বাধীন হলে সেটা সত্যি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কাতালানরা বহু বছর ধরে। এবারের আন্দোলনটা তাদের আরও জোরদার। ‘গণভোট’ আয়োজন করে তারা স্পেন থেকে আলাদা হওয়ার পথে ফেলেছে বড় ধাপ। যেখানে স্বাধীনতার পক্ষেই পড়েছে ৯০ শতাংশের বেশি ভোট। যদি শেষ পর্যন্ত কাতালুনিয়া স্বাধীন হয়ে যায়, তাহলে বার্সেলোনা আর লা লিগায় খেলবে না বলে ইঙ্গিত বার্তোমেউয়ের। সোমবার তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ‘পরিস্থিতি এখনও অতদূর যায়নি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে বোর্ড সদস্যরা আলোচনা করবেন। খুব ঠাণ্ডা মাথায় বিশ্লেষণ করতে হবে।’
যদিও কথার মধ্যে লা লিগা ছাড়ার একটা ইঙ্গিত দিয়েই রাখলেন বার্সেলোনা সভাপতি, ‘আমরা যদি সবকিছু ঠিকঠাক আলোচনা করি, তাহলে নিশ্চয় ভালো একটা সমাধান পাবো। তবে যদি এটা (স্বাধীনতা) ঘটে, তখন বোর্ড সদস্য নিশ্চয় কোনও সিদ্ধান্ত নেবেন।’ গোল ডটকম








