আবারও বাবা হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো- খবরটা বেশ পুরনো। নতুন খবর হলো, তিন সন্তানের বাবা পর্তুগিজ অধিনায়ক অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। নভেম্বরে পৃথিবীর আলো দেখতে যাওয়া মেয়ে সন্তানের নাম রেখেছেন আলানা মার্তিনা। নামটা অবশ্য একা ঠিক করেননি, যার গর্ভে বড় হচ্ছে তার মেয়ে, বান্ধবী হোর্হিনা রোদ্রিগেসের সঙ্গে মিলে ঠিক করেছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভে এসেছিলেন রোনালদো। সেখানেই রিয়াল মাদ্রিদ উইঙ্গার জানিয়েছেন মেয়ের নাম। বান্ধবী হোর্হিনা ও ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রও ছিল লাইভে। যেখানে মেয়ের নাম জানাতে গিয়ে ভক্তদের উদ্দেশে রোনালদো বলেছেন, “প্রথম নামটা ঠিক করেছি আমি, আর দ্বিতীয়টা হিও’র (হোর্হিনার)।” পাশ থেকে তখন তার বান্ধবী বলে উঠেন, ‘আলানা........মার্তিনা।’
মেয়ের নামের প্রথম অংশ আলানা রেখেছেন রোনালদো। আর শেষের মার্তিনা রেখেছেন হোর্হিনা। মানে বাবা-মা মিলেই ঠিক করেছেন অনাগত সন্তানের নাম।
গত জুনে যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। সেটা অবশ্য ‘সারোগেট মাদার’-এর মাধ্যমে। তার আগে একইভাবে রোনালদো বাবা হয়েছেন বড় ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রের। আর এবার হোর্হিনা রোদ্রিগেসের গর্ভে তার চতুর্থ সন্তান। গোল ডটকম, মার্কা








