সেভিয়ার মুখোমুখি বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শনিবারের ম্যাচটি ছিল লিওনেল মেসির মাইলফলক স্পর্শ করার। জাভি হার্নান্দেজ ও আন্দ্রে ইনিয়েস্তার পর তৃতীয় খেলোয়াড় হয়ে বার্সার ৬০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমন দিনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নয়, শিরোনাম কাড়লেন পাকো আলকাসের। স্প্যানিশ এই স্ট্রাইকারের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে হারালো সেভিয়াকে।
দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে রাখলো বার্সেলোনা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট কাতালান জায়ান্টদের। ৮ পয়েন্ট পেছনে থেকে তিন নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ (২৩)। বার্সেলোনা ১০ জয় ও একটি ড্রয়ে শিরোপা প্রত্যাশীদের তালিকায় এখনও এগিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে, রবিবার লাস পালমাসের বিপক্ষে তারা মাঠে নামবে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে।
মৌসুমের উদ্বোধনী ম্যাচের পর প্রথমবার শুরুর একাদশে দেখা গেলো আলকাসেরকে। সুযোগ পেয়েই ২৪ বছর বয়সী স্ট্রাইকার নিজেকে মেলে ধরলেন। অবশ্য ন্যু ক্যাম্পে এনিয়ে টানা ১৫ ম্যাচ জিততে ব্যর্থ হওয়া সেভিয়া সব চেষ্টা করেছিল বার্সাকে রুখে দিতে। দুই গোলের মাঝে একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় তারা।
অবশ্য গোলের সংখ্যা বাড়তে পারতো বার্সেলোনার। প্রথম ১০ মিনিটে ৬টি সুযোগ তৈরি করেছিল তারা। সেভিয়ার গোলরক্ষক ডেভিড সোরিয়া ৪ মিনিটে মেসিকে রুখে দেন। পরের মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্রস থেকে সের্হিয়ো বুসকেৎশ দারুণ একটি সুযোগ নষ্ট করেন। ইনিয়েস্তার ৬ মিনিটের পাস থেকে লুই সুয়ারেস গোলমুখে শট নিলেও সোরিয়ার কাছে বাধা পান। ২০ গজ দূর থেকে নেওয়া ইভান রাকিতিচের শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। আলকাসেরও ১০ মিনিটে একইভাবে লক্ষ্যভ্রষ্ট শট নেন।
এত সুযোগ নষ্ট করা বার্সাকে প্রথমবার বিপদে ফেলেন মুরিয়েল। কিন্তু ১৫ মিনিটে তার প্রচেষ্টা শেষ হয় বল গোলবারের পাশ দিয়ে চলে গেলে। অবশেষে গোলের দেখা পায় বার্সাই প্রথম। ২২ মিনিটে রাকিতিচের ক্রস থেকে আলকাসের গোলবারের উপর দিয়ে হেড নেন, তবে পরের মিনিটে আর ব্যর্থ হননি। ১-০ গোলে এগিয়ে নেন তিনি দলকে।
১-০ গোলে পিছিয়ে থাকা সেভিয়া বিরতির পর তৃতীয় মিনিটে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে। মুরিয়েলের বাঁ পায়ের স্ট্রাইক গোলবারের উপর দিয়ে চলে যায়। গোলশোধে মরিয়া অতিথিরা ব্যর্থ হয়নি। ৬০ মিনিটে এভার বানেগার কর্নার কিক থেকে সমতা ফেরান পিজারো। তাদের আবার পেছনে ফেলতে সময় নেয়নি বার্সা। রাকিতিচের ক্রসে ৬৬ মিনিটে গোলমুখের সামনে থেকে গোল করেন আলকাসের। শেষ ৩৪ মিনিটে আর পাল্টায়নি স্কোর। এনিয়ে সেভিয়া ন্যু ক্যাম্পে গত ১৫ ম্যাচের ১৩টিই হারলো এবং গোল খেলো ৪০টি।








