চার মাস আগে ইউরোপিয়ান ফুটবলের সর্বেসর্বা হয়ে মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের পর মৌসুম তারা আগস্টে জিতেছিল উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ। বার্সাকে হারিয়ে স্প্যানিশ কাপ জিতে মৌসুম শুরু করেছিল জিনেদিন জিদানের দল। আবারও ঘরোয়া ফুটবল শাসন করার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ধারণা পাল্টে গেছে সবার। শনিবার লা লিগায় রিয়ালকে হারানোর পর বার্সা কোচ বললেন, এই ফল থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
৩-০ গোলে লিগ মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের পর এরনেস্তো ভালভারদে ব্যাখ্যা দিলেন, কীভাবে বিশ্ব ফুটবলে দ্রুত সবকিছু পাল্টে যায়। ম্যাচ শেষে বার্সার কোচ বলেছেন, ‘কোনও এক সময় দুই দলের একটি অন্যটির চেয়ে এগিয়ে যেতে পারে, আবার সমান অবস্থানে আসতে পারে। এটাই সবার জন্য শিক্ষা। প্রাক মৌসুমে তারা খুব ভালো খেলেছে এবং অনেক এগিয়ে ছিল, যেমনটা আজ আমরা ছিলাম। ফুটবলে অনেক উত্থান পতন আছে। এই পরিস্থিতিটা আমাদের বিপক্ষেও হতে পারে।’
রিয়ালের সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান। শিরোপা কি উদ্ধার হবে? এ প্রশ্নে ভালভারদের বিশ্লেষণী জবাব, ‘এখনও লিগের অর্ধেক শেষ হয়নি। সামনে অনেক কিছু হতে পারে। আমরা হয়তো বেশ দূরত্ব তৈরী করেছি। কিন্তু এর মানে সবকিছু চূড়ান্ত হয়ে যায়নি।’
চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরেও দলে বড় ধরনের কোনও বদল আনার চিন্তা করছেন না রিয়াল কোচ জিদান। এই হার মেনে নেওয়া কঠিন স্বীকার করলেও প্রথমার্ধের পারফরম্যান্সে ইতিবাচক বিশ্বকাপ জয়ী ফরাসি অধিনায়ক, ‘আমরা একটি ভুল করেছি এবং রক্ষণে ছিলাম দুর্বল। আমরা উন্মাদ হয়ে যেতে পারি না। এই হার মেনে নেওয়া কঠিন। কিন্তু কোনও কিছু পাল্টানোর দরকার নেই। আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে প্রথমার্ধে। আমাদের জন্য এ হার বেদনার। কিন্তু ফুটবলে এমনটা হয়ে থাকে।’
পয়েন্টের ব্যবধানে বেশ বেড়ে গেলেও আশা হারাচ্ছেন না রিয়াল কোচ, ‘আমরা হাল ছাড়ব না। এখন আমরা ছুটি কাটাবো, পরিবারের সঙ্গে থাকবো। তারপর ফিরে আসবো। এখনই সব শেষ হয়নি।’
একাদশে মাতেও কোভাচিচকে রাখার বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন জিদানে, ‘তাকে অবশ্যই দলে নিতে হতো, লিওনেল মেসিকে দেখে রাখার জন্য এবং সেটা সে ভালোভাবে করেছে।’








