নিজেদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে কৌতিনিয়োকে দলে এনেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের কারণে পাউলো দিবালার দাম বেড়ে গেছে বলে খবর ইতালিয়ান সংবাদমাধ্যমের।
ব্রিটিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লিভারপুল থেকে কৌতিনিয়োকে আনতে বার্সেলোনার খরচ করতে হয়েছে ১৬০ মিলিয়ন ইউরো। ১২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোর আনুষঙ্গিক খরচ। বার্সেলোনা অবশ্য ট্রান্সফার ফি’র অঙ্কটা বলতে রাজি হয়নি। তবে খরচ যাইহোক, কৌতিনিয়োর দলবদলে দাম বেড়ে গেছে দিবালার। ইতালিয়ান সংবাদপত্র ‘তুত্তোস্পোর্ত’-এর খবর, কৌতিনিয়োর দলবদলের পর জুভেন্টাস এখন দিবালার জন্য বেশি অর্থ দাবি করতে পারে, আর সেই অঙ্কটা ১৭৫ মিলিয়্ন ইউরোর বেশি।
নেইমার বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর তার জায়গা পূরণে অনেকের নামই শোনা গিয়েছিল, যার মধ্যে ছিলেন দিবালাও। যদিও ইতালিয়ান চ্যাম্পিয়নরা বরাবরই জানিয়ে এসেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করবে না তারা। দিনকয়েক আগে জুভেন্টাসের ক্রীড়া পরিচালক গুইসেপ্পে মারোত্তা ইঙ্গিত দিয়েছিলেন, দিবালাকে তারা কোনও দামেই বিক্রি করবেন না। ডেইলি মেইল








