স্বপ্নেও আসার কথা নয় বিষয়টি। পেশাদারি ফুটবল জীবনে সবকিছু সম্ভব হলেও লিওনেল মেসি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন, হিসাব মেলানো কঠিন। মাঠের ফুটবলে সেটা না হলেও রিয়ালের অনুশীলন গ্রাউন্ডে কিন্তু দেখা যাবে বার্সেলোনা ফরোয়ার্ডকে।
২৭ মার্চ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ‘লা রোজাদের’ বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সারতে রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প ভালদেবেবাসকে বেছে নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাই রিয়ালের অনুশীলন মাঠে মেসিকে দেখার বিরল এক দৃশ্য দেখতে চলেছে মাদ্রিদের ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপ মিশনে নামার আগে প্রস্তুতি ক্যাম্প হিসেবে স্পেনকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা। মেসির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর। শুধু প্রস্তুতি ক্যাম্প নয়, স্বাগতিক দেশের বিপক্ষে ম্যাচও রেখেছে তারা। ২৭ মার্চ স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটি অ্যাতলেতিকো মাদ্রিদের নতুন মাঠ স্তাদিও ওয়ান্ডা মেট্রোপোলিটানোয়। এই ম্যাচের একদিন আগে রিয়ালের অনুশীলন মাঠে প্রস্তুতি সারবে মেসিরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর খবর, চমৎকার সুযোগ-সুবিধা ও বিমানবন্দর থেকে কাছে হওয়ায় মেসি ও আর্জেন্টিনা রিয়ালের অনুশীলন মাঠ বেছে নিয়েছেন। মার্কা








