ফুটবলে দুর্দান্ত জয়ে বছর শুরু করলো বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের প্রতিযোগিতা জকি ক্লাব আন্তর্জাতিক ফুটবলে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে মারিয়া মান্ডার দল।
শুক্রবার সকালে হংকংয়ের এই ম্যাচ হয়েছে। আধ ঘণ্টা না যেতেই মালয়েশিয়ার জালে পাঁচবার বল পাঠায় বাংলাদেশ। বিরতির আগে আরও একবার গোল করে তারা। ১৩ মিনিটে সাজেদা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তহুরা ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে। দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফরোয়ার্ড শামসুন্নাহার প্রথমার্ধে দুটি গোল করেন ২১ ও ৩৭ মিনিটে। মাঝে ২৪ মিনিটে আনাই মোগিনির গোল।
বিরতির পর আসে আরও চার গোল। ৪৬ মিনিটে আনুচিং দলের সপ্তম গোল দেওয়ার পর ৫৩ মিনিটে মালয়েশিয়া একটি গোল শোধ দেয় জেমিনের সৌজন্যে। এরপর প্রতিপক্ষের জালে বাংলাদেশের পক্ষ থেকে আরও তিনবার বল ঢুকেছে। ৫৫ মিনিটে গোল করেন মিডফিল্ডার শামসুন্নাহার। আনাই ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন। দুই মিনিট পর নিলুফার ইয়াসমিন নীলা মালয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
জকি ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে মালয়েশিয়া, ইরান ও স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। আঁখি-মারিয়া-তহুরাদের টানা তিন দিন মাঠে নামতে হচ্ছে।
আগামীকাল শনিবার ইরান ও ১ এপ্রিল হংকংয়ের সঙ্গে লড়াই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে শিরোপা। শুরুতেই এমন জয়ে তাই তাদের মাথায় চ্যাম্পিয়নের মুকুট দেখার প্রত্যাশা স্বাভাবিক।
গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। হংকংয়েও সাফল্য পাওয়ার আশা নিয়ে দলকে নিয়ে গেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।







