বছরও পূর্ণ হয়নি, তার আগেই পুরনো আঘাত নাড়া দিয়ে উঠছে জুভেন্টাসের। যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরেছিল, সেই তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কার্ডিফের ওই ফাইনাল থেকে নেওয়া শিক্ষাই এবার কাজে লাগাতে চায় তারা।
মঙ্গলবার দিবাগত রাতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে জুভেন্টাস। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফর্মের তুঙ্গে থাকা মাদ্রিদের ক্লাবটির মুখোমুখি হওয়ার আগে নিজেদের ‘ইতিহাসের সেরা প্রস্তুতি’ নিয়েছে বলে জানিয়েছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। গত বছরের চেয়ে এবার জুভরা ভালো অবস্থানে আছে বলেও জানিয়েছেন তিনি।
২০১৬-১৭ মৌসুমের ফাইনালে জুভেন্টাস হেরেছিল ৪-১ গোলে। গত মে’র পর কোয়ার্টার ফাইনাল দিয়ে আবার মুখোমুখি হচ্ছে তারা রিয়ালের। শেষ আটের ম্যাচের আগে অ্যালেগ্রি জানিয়েছেন, কার্ডিফের ম্যাচে তার শিষ্যদের মনোযোগে ঘাটতি ছিল। তবে একই সঙ্গে বিশ্বাস করেন, এবার তার দল অনেক বেশি অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচের বক্তব্য, “অবশ্যই (গত বছরের) ফাইনাল আমরা অনেকবার দেখেছি। আর দেখার কারণেই আমি বলতে পারি, এই দল শুধু ইউরোপ নয়, সিরি ‘এ’তেও অনেক উন্নতি করেছে।”
ফাইনাল থেকে পাওয়া শিক্ষাও ভাগাভাগি করেছেন তিনি, ‘ওটা ছিল বেড়ে ওঠা ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমার্ধটা আমাদের দারুণ কেটেছিল, তবে দ্বিতীয়ার্ধে আমাদের বলের নিয়ন্ত্রণ ও শান্ত থাকা উচিত ছিল।’ সঙ্গে যোগ করেছেন, ‘বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করেছে। শারীরিক দিক থেকে আমি বলব এই দল ওই সময়ের তুলনায় অনেক উন্নতি করেছে।’ গোল ডটকম






