রোমার মাঠে হেরে গেছে লিভারপুল। কিন্তু অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ানরা দারুণভাবে ঘুরে দাঁড়ালেও তাদের ফাইনালের পথে বাধা হতে পারেনি। ১১ বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পথে গোলের রেকর্ড গড়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
বুধবার রোমার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই গোল করেছে লিভারপুল। এতেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছে তারা।
এই মৌসুমের শুরু থেকে লিভারপুলের দুর্দান্ত আক্রমণভাগ ছিল প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। অলিম্পিক স্টেডিয়ামে নামার আগে রেকর্ড স্পর্শ থেকে মাত্র এক গোল পেছনে ছিল তারা। ৯ মিনিটে সাদিও মানের লক্ষ্যভেদী শটে সেটা ছুঁয়ে ফেলে তারা। বিরতির আগে জোর্জিনো উইনালডামের এগিয়ে দেওয়া গোলে ১৮ বছরের পুরানো রেকর্ড ভাঙে লিভারপুল।
১৯৯৯-২০০০ মৌসুমে ১৬ ম্যাচে ৪৫ গোল করা বার্সাকে পেছনে ফেলেছে ইংলিশ ক্লাবটি। মাত্র ১৪ ম্যাচে ৪৬ গোল তাদের। বাছাই, গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে এখন সবচেয়ে বেশি গোল লিভারপুলের।
এই তালিকায় ২০১৩-১৪ মৌসুমের রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে, ১৩ ম্যাচে ৪১ গোল করেছিল তারা।
বাছাই বাদ দিলেও এই মৌসুমে ক্লপের এই দলের গোল ৪০টি। বার্সেলোনা ও রিয়ালের পর তৃতীয় দল হিসেবে এই মাইলফলক ছুঁয়েছে প্লে অফে হফেনহেইমের জালে ৬ বার বল পাঠানো লিভারপুল।
আরেকটি কারণে লিভারপুল-রোমার ফাইনালে ওঠার লড়াই স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলের সেমিফাইনাল হয়েছে তাদের। দুই লেগে ১৩ গোল। প্রথম লেগ ৫-২ গোলে জেতার পর লিভারপুল দ্বিতীয় লেগ হেরেছে ৪-২ গোলে।
কেবল মূল পর্বে গোলের হিসাব ধরলে রিয়াল (৪১) এক গোলে এগিয়ে। এখানেও স্প্যানিশ জায়ান্টদের পেছনে ফেলার সুযোগ থাকছে লিভারপুলের। আগামী ২৬ মে কিয়েভে শিরোপা জয়ের আকাঙ্ক্ষার সঙ্গে এই রেকর্ড ভাঙার লক্ষ্যও থাকবে তাদের। গোল ডটকম, উয়েফা








