মাথায় বাজ পড়ার মতো অবস্থা। চ্যাম্পিয়নস লিগের আয়োজক ও নিয়ন্ত্রক উয়েফা তাদের ওয়েবসাইটে লিভারপুলকে বানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন, তাহলে কি এবারের ফাইনাল হচ্ছে না!
না, কিয়েভে রিয়াল মাদ্রিদ-লিভারপুল দ্বৈরথের মঞ্চ প্রস্তুতই আছে। ভুল করে উয়েফা ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে দিয়েছিল ইংলিশ ক্লাবকে।
চলতি চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে আছে লিভারপুল। সেমিফাইনালে রোমাকে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। এখন ২৬ মে কিয়েভের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায়।
ওই ফাইনালের আগে উয়েফার ওয়েবসাইটে প্রতিযোগিতাটির ‘ইতিহাস অংশে’ এবারের আসরের পরিসংখ্যান প্রকাশ করেছে, সেখানেই ভুল করে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে লিভারপুলকে। পরিসংখ্যানের উপরে থাকা ব্যানারে ২০১৭-১৮ মৌসুমের বিজয়ী লিভারপুল লেখা ছিল। পরে অবশ্য সেটি সরিয়ে ফেলেছে উয়েফা।
লিভারপুল সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে সেই ২০০৫ সালে। আর রিয়াল টানা দ্বিতীয় শিরোপা জেতার পর এবার আছে হ্যাটট্রিকের মিশনে। ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব ১৯৮১ সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে। আগের ওই সাক্ষাতে ১-০ গোলে জিতে শিরোপা উল্লাসে মেতেছিল লিভারপুল।








