সারা ম্যাচে অনেক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। বরং সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলের জয় পেয়েছে ফিলিপাইন। তবে বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ রানার্স-আপ হলেও হতাশ নন জেমি ডে। বাংলাদেশ দলের ইংলিশ কোচ শিষ্যদের পারফরম্যান্সে খুশি।
সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুব খুশি। তারা নিজেদের সেরাটা দিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা অনেক সুযোগ তৈরি করলেও গোল পাইনি। ছেলেদের কাছ থেকে এর চেয়ে বেশি আমি চাইতে পারি না।’
তিনি আরও বলেছেন, ‘র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দলের মুখোমুখি হলে সুযোগ কাজে লাগাতেই হবে। হেরে গিয়ে কিছুটা হতাশ হলেও ছেলেদের পারফরম্যান্স সন্তুষ্ট করেছে আমাকে।’
বাংলাদেশ দলের আজকের পারফরম্যান্স নিয়ে কোচের বিশ্লেষণ, ‘আমরা খুব ভালো খেলেছি, পাসিং ভালো ছিল, ছেলেদের টেম্পারমেন্টও ভালো। আমাদের রক্ষণভাগ দারুণ খেলেছে, আক্রমণভাগও ছিল ভয়ঙ্কর। সেমিফাইনালে আজকের ম্যাচ থেকে অনেক আত্মবিশ্বাস পাবো আমরা।’
১০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে। ‘এ’ গ্রুপে আছে নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান।







