ব্যালন ডি’অরের দৌড়ে ফেভারিট ধরা হচ্ছে লুকা মদরিচকে। দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডের আয়োজকরা অবশ্য ক্রোয়েট মিডফিল্ডারকে বিবেচনায় আনেনি। পুরস্কারটির দশম সংস্করণে বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত তিনে তারা রেখেছে ক্রিস্তিয়ানো রোনালদো, আন্তোয়ান গ্রিয়েজমান ও কাইলিয়ান এমবাপেকে।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হেরে রানার্স-আপ হয়েছে ক্রোয়েশিয়া। তবু টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন তাদের অধিনায়ক মদরিচ। এরপর উয়েফা বর্ষসেরা খেলোয়াড় ও ফিফার ‘দ্য বেস্ট’ জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ফুটবলে ব্যক্তিগত পুরস্কারে সবচেয়ে মর্যাদা হিসেবে বিবেচিত ব্যালন ডি’অরেও তাকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।
কিন্তু গ্লোব সকার তাকে বিবেচনায় নেয়নি। সোমবার গ্লোব সকারের প্রধান নির্বাহী তোমাসো বেনদোনি ঘোষণা করেছেন রোনালদো, গ্রিয়েজমান ও এমবাপের নাম। ২০১৯ সালের ৩ জানুয়ারি ১৩তম দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’-এ ঘোষণা করা হবে বিজয়ীর নাম। দুবাই স্পোর্টস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠাটি পুরস্কারটি দশম সংস্করণ।
বেনদোনি বলেছেন, ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডের দশম বর্ষ বিশেষ এক মাইলফলক। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সেরা খেলোয়াড়ের ক্যাটাগরির ফাইনালিস্ট হিসেবে থাকছেন ক্রিস্তিয়ানো রোনালদো, কাইলিয়ান এমবাপে ও আন্তোয়ান গ্রিয়েজমান।’
গত গ্রীষ্মের দলবদলে জুভেন্টাসে নাম লেখানো রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। গত আট বছরে চারবার তিনি জিতেছেন পুরস্কারটি, এবার তার সামনে টানা তৃতীয়বার জেতার হাতছানি।
ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স তো আছেই, তবে গ্রিয়েজমান ও এমবাপের চূড়ান্ত তিনে থাকাটা বিশ্বকাপ জয়ী হিসেবে। রাশিয়া বিশ্বকাপে তারা শিরোপা জিতেছেন ফ্রান্সের জার্সিতে। মার্কা








