পিছিয়ে পড়েও স্বাধীনতা কাপে নিজেদের শেষ ম্যাচে হার এড়াল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ব্রাদার্স ইউনিয়নের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে গ্রুপের খেলা শেষ করেছে তারা। বুধবার দুই দলের পয়েন্ট ভাগাভাগি হওয়ায় এক ম্যাচ হাতে রেখে শেষ আট নিশ্চিত করেছে ঢাকা আবাহনী।
‘সি’ গ্রুপে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আবাহনী। আর এক ম্যাচ কম খেলে সমান ১ পয়েন্ট নিয়েও মুক্তিযোদ্ধাকে টপকে দুই নম্বরে ব্রাদার্স। দুই দলেরই এখনও কোয়ার্টার ফাইনালে ওঠার দরজা খোলা আছে। গ্রুপের শেষ ম্যাচে শনিবার মুখোমুখি হবে আবাহনী ও ব্রাদার্স। ম্যাচটি ড্র হলে মুক্তিযোদ্ধা ছিটকে পড়বে, আর ব্রাদার্স হারলে নানা হিসাব নিকাশে নির্ধারণ হবে আবাহনীর সঙ্গে কে যাচ্ছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে পানামার ফরোয়ার্ড জ্যাক দানিয়েলসের অ্যাসিস্টে ব্রাদার্সকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা।
২৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর বাড়ানো বল এক সতীর্থের পা ঘুরে বল পান মিডফিল্ডার সুজন বিশ্বাস। তারই নেওয়া শট ডিফেন্ডার আশরাফুল করিমের হেডে লক্ষ্যভেদ হয়।
দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু কাতোর শট ফিরিয়ে ব্রাদার্সকে বাঁচান গোলরক্ষক সুজন চৌধুরী।
এগিয়ে থেকেও ম্যাচ ড্রয়ের আক্ষেপ ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাইমুদ্দিনের কণ্ঠে, ‘দলের আরও উন্নতি করার সুযোগ আছে। গোল করে হজম করা চলবে না। আমি আত্মবিশ্বাসী সামনের দিকে দল আরও ভালো খেলবে।’
ঢাকা আবাহনীর কাছে হার দিয়ে শুরু করা মুক্তিযোদ্ধা গ্রুপ পর্ব শেষে মাত্র একটি পয়েন্ট অর্জন করেছে। দলের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু এখন ব্রাদার্সের বিপক্ষে আবাহনীকে সমর্থন করছেন, ‘পরের ম্যাচে ব্রাদার্স হারলে কিছু হিসাব নিকাশে আমাদের শেষ আটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ড্র হলেই আমরা বাদ।’







