রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ট্রফি জেতার মিশনে নামতে যাচ্ছেন থিবো কোর্তোয়া। ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার লক্ষ্য নিয়ে সেমিফাইনালে মাঠে নামছেন বেলজিয়ান গোলরক্ষক ও রিয়াল মাদ্রিদ।
এ বছরই চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কোর্তোয়া। ‘লস ব্লাঙ্কোদের’ মৌসুমের প্রথম শিরোপা ইউরোপিয়ান সুপার কাপ জেতার মুহূর্তে তিনি ছিলেন না দলের সঙ্গে। শিরোপা জেতার একদিন পর এসেছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে। তাই নতুন ক্লাবের জার্সিতে প্রথম শিরোপা হতে পারে তার ক্লাব বিশ্বকাপের ট্রফি।
বুধবার রাতে জাপানিজ ক্লাব কাশিমা অ্যান্টলারসের বিপক্ষে প্রতিযোগিতাটির সেমিফাইনাল খেলবে ইউরোপের চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিতে ফাইনাল খেলার স্বপ্ন তো বটেই, শিরোপাতেও চোখ রাখছেন কোর্তোয়া। বার্নাব্যুতে এসেই দলের ‘এক নম্বর’ গোলরক্ষকের জায়গা পাওয়া এই বেলজিয়ান বলেছেন, ‘(শিরোপা জয়ের) এই মুহূর্ত আমি জীবনে অনেকবারই স্বপ্নে দেখেছি। বিশ্বের সেরা ক্লাবের হয়ে এটা আমার প্রথম শিরোপা হতে পারে।’
সঙ্গে যোগ করেছেন, ‘এই শিরোপা আমাদের বাকি মৌসুমে এগিয়ে চলার অনুপ্রেরণা হবে। এই দলটির অংশ হতে পেরে আমি গর্বিত, যারা অনেক অনেক কিছু জিতেছে। রিয়াল মাদ্রিদ হলো চ্যাম্পিয়ন, আর আমি তাদের অংশ হতে চেয়েছি।’ মার্কা






