ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে শীর্ষ সাফল্য তো ছিলই, জাতীয় দলকেও নিয়ে গেলেন দারুণ এক উচ্চতায়। সব মিলিয়ে এই বছর স্মরণীয় হয়ে থাকবে ক্রোয়েট তারকার ক্যারিয়ারে।
শনিবার আল আইনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ জয়ে দুটি গোলে অবদান রাখেন মদরিচ। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলমুখ খোলেন রিয়াল মিডফিল্ডার। তারপর ৭৯ মিনিটে কর্নার থেকে সের্হিয়ো রামোসকে দিয়ে গোল করান তিনি।
এনিয়ে টানা তৃতীয় ক্লাব বিশ্বকাপ ট্রফি হাতে নিলেন মদরিচ। তার আগে এই বছর হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও নেন তিনি। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে প্রথমবার ফাইনালে ওঠায় নেতৃত্ব দেন সামনে থেকে। জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
তারপর ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির বৃত্ত ভেঙে উয়েফা ও ফিফার বর্ষসেরা হওয়ার পর ব্যালন ডি’অর জিতেছেন মদরিচ। এমন একটা বছর তো স্মরণীয় হয়ে থাকারই কথা। রিয়ালের চতুর্থ ক্লাব বিশ্বকাপ জয়ের পর মদরিচ বলেছেন তার অনুভূতির কথা, ‘এটা আমার জন্য অবিস্মরণীয় একটি বছর। সবদিক থেকে একেবারে নিখুঁত। আমরা চ্যাম্পিয়নস লিগ জিতলাম, ক্রোয়েশিয়ার সঙ্গে চমৎকার বিশ্বকাপ ছিল। আর এখন রিয়ালের সঙ্গে জিতলাম আরেকটি ট্রফি। এটা স্বপ্নের মতো একটা বছর।’








