স্প্যানিশ কাপের শেষ ষোলোর প্রথম লেগে ছিলেন না লিওনেল মেসি, হেরেছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও একই দুর্ভাগ্য বরণ করে নিতে হলো চ্যাম্পিয়নদের। বুধবার সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অবশ্য শেষ ষোলোর দ্বিতীয় লেগে মেসির ছোঁয়ায় বদলে যায় ভাগ্য। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে ঘুরে দাঁড়ানো জয়ে শেষ আটে উঠেছিল তারা। আগামী বুধবার দ্বিতীয় লেগে সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা কাতালান জায়ান্টদের।
এদিন একাদশে ছিলেন না লুই সুয়ারেস ও ফিলিপ্পে কৌতিনিয়ো। এক গোলে পিছিয়ে পড়ার পর ৬৩ মিনিটে দুজন বদলি মাঠে নামলেও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেননি। ধারে চুক্তি করা মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়েটাং এদিন প্রথমবার বার্সার জার্সি গায়ে দেন। ঘানার সাবেক এই ফুটবলার দায়িত্ব পান আক্রমণভাগেরও। কিন্তু সেখানে সুবিধা করতে পারেননি কার্লোস অ্যালেনা, মালকম ও তিনি।
বরং শুরু থেকে তাদের রক্ষণভাগ তটস্থ করে রাখে সেভিয়া। ম্যাচের আধঘণ্টা যেতে বিপদে পড়তে পারতো বার্সা। তাদের বক্সের ভেতরে আর্তুরো ভিদালের হ্যান্ডবলের দাবি জানায় সেভিয়া। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় শেষ পর্যন্ত বেঁচে যায় কাতালানরা। রিপ্লেতে দেখা গেছে এভার বানেগার ক্রস থেকে বল চিলিয়ান স্ট্রাইকারের হাতের বেশ উপরে লেগেছে।
এরপর মুহুর্মুহু আক্রমণে গেছে সেভিয়া। একক চেষ্টায় উইসাম বেন ইয়েডার বল নিয়ে ঢুকে যান বার্সার রক্ষণে, তার শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে যায়। কিছুক্ষণ পরে বার্সা গোলরক্ষক জ্যাস্পার সিলেসেন চমৎকার চেষ্টায় রুখে দেন তাকে। বিরতির ঠিক আগে মালকম সেভিয়া গোলরক্ষক সোরিয়ানোর কঠিন পরীক্ষা নেন।
প্রথমার্ধের হতাশার পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় সেভিয়া। ৫৮ মিনিটে কুইন্সি প্রোমেসের ক্রস থেকে পাবলো সারাবিয়ার হাফ ভলি ঢুকে যায় বার্সার জালে।
বার্সাকে আরও পেছনে ফেলে সেভিয়া ৭৬ মিনিটের গোলে। ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েডার ব্যবধান দ্বিগুণ করেন। গোলটি তিনি উৎসর্গ করেন ইংলিশ চ্যানেলে হারিয়ে যাওয়া বিমানের নিখোঁজ আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে। গোল উদযাপনের সময় জার্সি তুলে ধরেন, যেখানে লিখা ছিল ‘আমার ভাই সালার জন্য।’ ইএসপিএনএফসি








