আগের ম্যাচে বিজেএমসির সঙ্গে ড্র করে একটা ধাক্কা খেয়েছিল বসুন্ধরা কিংস। তবে পরের ম্যাচেই রোমাঞ্চকর জয়ের উচ্ছ্বাস স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নদের। রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা ৩-২ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখলো বসুন্ধরা। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট সংগ্রহ করা ঢাকা আবাহনীর অবস্থান দ্বিতীয়। ৮ ম্যাচেই ১২ পয়েন্ট নিয়ে আরামবাগ আছে সপ্তম স্থানে।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ২৩ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথুর ক্রসে শট করে গোল করেন তরুণ ফরোয়ার্ড আরিফুর রহমান।
পরের মিনিটেই অবশ্য সমতা নিয়ে আসে বসুন্ধরা কিংস। গোলটি ছিল আত্মঘাতী। একটি আক্রমণ বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের পোস্টে জড়িয়ে দেন নাইজেরিয়ান ডিফেন্ডার কিংসলে চুকুডি।
৩২ মিনিটে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বসুন্ধরা। কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের থ্রু থেকে ফরোয়ার্ড মতিন মিয়ার শট খুঁজে পায় আরামবাগের জাল। ১০ মিনিট পর হেড থেকে ব্যবধান ৩-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ৫৩ মিনিটে ব্যবধান কমিয়ে আনে আরামবাগ। চিনেদু ম্যাথুর পাস থেকে লক্ষ্যভেদ করেন কিংসলে চুকুডি। এরপর অনেক চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি মতিঝিলের ক্লাবটি।
দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিজয়ী দলের দুই গোলদাতা মেহেদী হাসান রয়েল ও মিথুন বিশ্বাস।
৭ ম্যাচ থেকে মুক্তিযোদ্ধার প্রাপ্তি ১০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বিজেএমসির পয়েন্ট ৩।








