মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সাম্বার সঙ্গে শাকিরার নাচ, বোনাস হিসেবে সান্তানার গিটারবাদন। বিশ্বকাপের শেষটা এমন হলে কেমন হয়? দর্শকদের এমন প্রত্যাশা ষোল আনা মিটতে যাচ্ছে আজ রবিবার আর্জেন্টিনা-জার্মানি ফাইনালের দেড় ঘণ্টা আগে। জার্মানি, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হিপস ডোন্ট লাই ও ওয়াকা ওয়াকা গান দিয়ে শাকিরা কাঁপিয়েছেন কোটি কোটি ফুটবলপ্রেমীর মন। আর এবার তিনি ব্রাত্য থাকবেন তা কী করে হয়? তাই পর্দা তোলার সময়ে না থাকলেও কলম্বিয়ান এই গায়িকা ডাক পেয়েছেন সমাপনী অনুষ্ঠানে। শাকিরার সঙ্গে থাকবেন ম্যাক্সিকান গিটারিস্ট কার্লোস সান্তানা। তাদের সঙ্গে আরও থাকবেন ব্রাজিলিয়ান কন্ঠশিল্পী ইভেতে সানজালো। আর ব্রাজিলের ঐতিহ্যের পসার মেলে ধরবে স্থানীয় একটি সাম্বা স্কুল। অনুষ্ঠানটি সম্পর্কে উত্তেজনা প্রকাশ করে শাকিরা টুইটারে লিখেছেন, 'হাই ব্রাজিল, আমি এখানেই, তোমাদের মাঝে আবার আসতে পেরে আমি আনন্দিত।' শাকিরা গাইবেন ব্রাজিল বিশ্বকাপের জন্য তার নিজের তৈরি গান লা লা লা। হাইতির হিপহপ স্টার জিয়ান এবং ব্রাজিলিয়ান কন্ঠশিল্পী আলেক্সান্ডার পিরেস গাইবেন উই উইল ফাইন্ড অ্যা ওয়ে। সানজালো গাইবেন ব্রাজিলিয়ান মিক্স পপ গান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের ট্রফি মাঠে নিয়ে আসবেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল তারকা কার্লোস পুয়োল এবং ব্রাজিলিয়ান সুপার মডেল জিসলে বান্ডচেন। সমাপনী অনুষ্ঠানের নিরাপত্তায় থাকছেন ২৬ হাজার নিরাপত্তাকর্মী।








